মরদেহ পৌঁছাতে গিয়ে লাশ হলেন অ্যাম্বুলেন্স চালক

মাগুরা-যশোর সড়কের মঘি এলাকায় শুক্রবার ভোরে সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন (৩০) নামে লাশবাহী অ্যাম্বুলেন্সের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫জন।

আহতদের মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত অ্যাম্বুলেন্স চালক আবুল হোসেনের বাড়ি গোপালগঞ্জ জেলায়।

মাগুরা থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহটি নিয়ে তার স্বজনরা অ্যাম্বুলেন্সযোগে খুলনার ডুমুরিয়ায় নিজ বাড়িতে ফিরছিলেন। ভোর ৬টার দিকে অ্যাম্বুলেন্সটি ঘটনাস্থলে পৌঁছলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

এসময় চালক আবুল হোসেন ঘটনাস্থলে নিহত এবং অ্যাম্বুলেন্সে থাকা অপর পাঁচজন আহত হন। সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে লাশের সঙ্গে থাকা ৫জনকে লাশসহ অন্য একটি অ্যাম্বুলেন্সে গন্তব্যে পাঠানো হয়েছে। অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে।

লাশবাহী অ্যাম্বুলেন্সে থাকা মৃত সালমা বেগমের মেয়ে ময়না বেগম জানান, তারা পরিবারের ৫ সদস্য সালমা বেগমের লাশ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে খুলনার ডুমুরিয়ায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা সবাই ঘুমিয়ে পড়েছিলেন। চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা।