রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে বহনকারী ট্রেনেও হানা দিয়েছে অজ্ঞান পার্টি।
বৃহস্পতিবার রাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনযোগে শুক্রবার সকালে লালমনিরহাটে পৌঁছান রেলমন্ত্রী। তার সফরের ট্রেনে যাত্রী অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন এক যাত্রী।
ভুক্তোভোগী ওই যাত্রীর নাম-পরিচয় জানা না গেলেও তার বাড়ি গাইবান্ধা জেলার কূপতলা স্টেশন এলাকায় বলে জানিয়েছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ঢাকা থেকে লালমনিরহাট স্টেশনে আসেন। একই ট্রেনে ওই ব্যক্তিও এসেছিলেন।
মন্ত্রী ট্রেন থেকে নেমে সাংবাদিকদের সঙ্গে কথা বলে স্টেশন ছেড়ে চলে যাওয়ার পর ওই ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
ঘটনাটি সাংবাদিকরা জেনে গেলে ওই অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
লালমনিরহাট রেলওয়ে থানার এসআই আদম আলী জানান, লোকটির জ্ঞান ফেরার পর তার স্বজনের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা হবে।
তিনি বলেন, যাত্রীদের অপরিচিত কারো কাছ থেকে কিছু খেতে নিষেধ করা হলেও তারা অনেক সময় বিষয়টি গুরুত্ব দেন না, ফলে এমন ঘটনা প্রায়ই ঘটছে।