চীনে ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে ৬ জনকে হত্যা

চীনের হুবেই প্রদেশে এক ব্যক্তি ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দিয়ে ছয়জনকে হত্যা করেছে। এতে আহত হয়েছেন আরও আটজন।

হুবেই প্রদেশের জোয়াইয়াং শহরের কেন্দ্রীয় এলাকায় আজ শুক্রবার এই ঘটনা ঘটে। পরে পুলিশ গুলি করে গাড়ি চালককে হত্যা করে বলে জানায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি।

পুলিশ জানায়, সন্দেহভাজন ওই হামলাকারীর নাম কুই লিদং। বয়স ৪৪। পথচারীদের ওপর গাড়ি তুলে দেওয়ার আগে লিদং বাড়িতে তার স্ত্রী ও মেয়েকে আহত করেন।

জোয়াইয়াং শহর কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, তদন্ত চলছে। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাংহাইয়ের গণমাধ্যমে প্রচারিত এক ভিডিওতে দেখা গেছে, কম্বল দিয়ে মোড়ানো একজনের লাশ রাস্তার ধারে ফেলে রাখা হয়েছে। কয়েক জনের দল আহত একজনকে স্ট্রেচারে তুলছেন।

কয়েক দিন আগে চীনেও একইরকম ঘটনা ঘটেছে। গত সেপ্টেম্বর মাসে হুনান প্রদেশের হেনদং এলাকায় পথচারীদের মধ্যে গাড়ি চলিয়ে দিয়ে ১১ জনকে হত্যা করে এক ব্যক্তি। এছাড়া, নভেম্বরের শেষদিকে লিয়াওনিং প্রদেশে শিশুরা রাস্তা পার হওয়ার সময় গাড়ি চালিয়ে এক ব্যক্তি পাঁচজনকে হত্যা করেন।