ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ আনোয়ারুল হক আর নেই। শুক্রবার ভোরে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহ... রাজিউন...)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে তিনি ধানমণ্ডির নিজ বাসায় স্টোক করেন। পরে তাকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর সোবহানবাগ মসজিদে এবং বিকাল ৩টায় সেগুন বাগিচায় ডিআরইউ কার্যালয়ের সামনে আনোয়ারুল হকের জানাজা অনুষ্ঠিত হয়। পরে আজিমপুর কবরাস্থানে তাকে দাফন করা হয়।
কর্মজীবনে আনোয়ারুল হক ডেইলি স্টারের চিফ রিপোর্টার, সিটি এডিটর, বিলুপ্ত মর্নিং সানসহ দেশের বিভিন্ন ইংরেজি দৈনিকে কাজ করেছেন। তিনি মধ্যপ্রাচ্যের বিখ্যাত ইংরেজি দৈনিক গালফ নিউজের বাংলাদেশ প্রতিনিধি ছিলেন।
এছাড়া তিনি নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের দায়িত্বও পালন করেছেন। সেখান থেকে ২০০৭ সালে আনোয়ার হক বেসরকারি সংস্থা ব্রাকের কমিউনিকেশনস বিভাগের পরিচালক পদে যোগ দেন। ২০০০ ও ২০০১ সালে পর পর দুই মেয়াদে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে আনোয়ারুল হক স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক কবির আহমেদ খান।