উপজেলা পরিষদ নির্বাচন

কমলনগরে আ.লীগের ৪ বিদ্রোহী

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার বিপক্ষে দুই যুবলীগ নেতাসহ চার বিদ্রোহী ও একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ভোটযুদ্ধে। আগামীকাল তৃতীয় দফায় জেলার পাঁচ উপজেলার সঙ্গে এ উপজেলাতেও ভোটগ্রহণ হবে।

এলাকাবাসীর মতে, বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি। তবে যতই ঝড় আসুক ‘নৌকাডুবি’ হবে না এমনটা প্রত্যাশা করছেন নৌকার মাঝি এ কে এম নুরুল আমিন মাস্টার।

স্থানীয় সূত্রে জানা যায়, কমলনগর উপজেলায় আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন এক ডজনেরও বেশি প্রার্থী। তাদের মধ্যে থেকে কেন্দ্রে চারজনের নাম প্রেরণ করা হলেও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম নুরুল আমিন মাস্টার নৌকার টিকিট পেয়েছেন।

বিদ্রোহী প্রার্থীরা হলেনÑ ১৪ দলীয় জোটের সভাপতি আনোয়ারুল হক (কাপ-পিরিচ), উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহউদ্দিন আহমেদ বাপ্পি (দোয়াত-কলম), যুগ্ম আহ্বায়ক আহসান উল্যাহ হিরন (আনারস), জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক সম্পাদক আবদুর রহমান দিদার (হেলিকপ্টার), স্বতন্ত্র প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আমিন অপি (মোটরসাইকেল)।

নির্বাচনে জয়ী হতে প্রার্থীরা হাট-বাজার, গ্রামগঞ্জে মিটিং-মিছিল ও সমাবেশ নিয়ে ব্যস্ত। বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন, করছেন উঠান বৈঠক। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।

ভোটের মাঠ ঘুরে দেখা গেছে, নৌকা প্রতীকে ভোট চাইছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। জনপ্রতিনিধিরাও (চেয়ারম্যান-মেম্বার) নৌকার বিজয়ের লক্ষ্যে কাজ করছেন। নৌকার বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ দেখা গেছে। ওয়ার্ডে-ওয়ার্ডে দেখা গেছে গণসংযোগ ও পথসভা।

কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৌকা প্রতীকের প্রার্থী এ কে এম নুরুল আমিন মাস্টার বলেন, ‘নৌকাকে বিজয়ী করতে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ।’ উপজেলা ১৪ দলীয় জোটের সভাপতি আনোয়ারুল হক বলেন, ‘সেবার প্রত্যয় নিয়ে চেয়ারম্যান প্রার্থী হয়েছি।’ যুবলীগ নেতা বাপ্পি বলেন, ‘বিদ্রোহী নয়; স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট চাইছি।’ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক সম্পাদক আবদুর রহমান দিদার বলেন, ‘ভোটারদের আগ্রহে প্রার্থী হয়েছি।’ সাবেক ছাত্রলীগ নেতা নুরুল আমিন অপি বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার চালাচ্ছি এবং সবার কাছে ভোট চাইছি।’