হাইকোর্টের রায়ে প্রার্থিতা ফিরে পাওয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী স্বতন্ত্র প্রার্থী নাজমুল ইসলামকে মোটরসাইকেল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার রোখছানা বেগম এই প্রতীক বরাদ্দ করেন। রিটার্নিং অফিসার রোখছানা বেগম জানান, গত ১৮ ফেব্রুয়ারি জমা দেওয়া মনোনয়নপত্রে নাজমুল ইসলামকে সমর্থনকারী ২৫০ ভোটারের তালিকা থেকে পাঁচ ব্যক্তিকে যাচাই করতে গেলে একজনকে মৃত পাওয়া যায়। পরে ২০ ফেব্রুয়ারি বাছাইয়ে তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়। এরপর প্রার্থিতা ফিরে পেতে তিনি জেলা প্রশাসকের কাছে আপিল করেন। সেই আপিলে প্রার্থিতা খারিজ হয় নাজমুল ইসলামের। নাজমুল ২৬ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করলে হাইকোর্ট থেকে তিনি তার পক্ষে রায় পান। এরপর ১৫ মার্চ নির্বাচন কমিশন থেকে আসা এক আদেশে নাজমুল ইসলামকে প্রতীক বরাদ্দ দিতে এবং দ্বিতীয় ধাপে ১৮ মার্চের এই উপজেলার নির্বাচন স্থগিত করতে বলা হয়। পরে সেদিন রাতেই নির্বাচন স্থগিত করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এই উপজেলার নির্বাচন হবে আগামী ৩১ মার্চ।