বালিয়াকান্দিতে নৌকা ঠেকাতে একাট্টা বিএনপি ও আ.লীগ

দেশের বিভিন্ন উপজেলায় নির্বাচন থেকে দূরে থাকলেও রাজবাড়ীর বালিয়াকান্দিতে বসে নেই বিএনপি নেতা-কর্মীরা। নৌকা ঠেকাতে আওয়ামী লীগের একাংশের সঙ্গে একাট্টা হয়ে কাজ করছেন তারা। ফলে জনপ্রিয় প্রার্থী হিসেবে পরিচিতি থাকলেও নৌকা প্রতীকে বিজয়ের মুকুট আনতে হাঁপিয়ে উঠছেন এখানকার আওয়ামী লীগের প্রার্থী।

আগামীকাল অনুষ্ঠিত হবে এ উপজেলা পরিষদের নির্বাচন। এ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং পরপর দুবারের নির্বাচিত বর্তমান উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণকারী এই আওয়ামী লীগ নেতা রাজবাড়ী-২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি জিল্লুল হাকিমের চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ পরপর দুবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি চারবার নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এলাকার জনপ্রিয় প্রার্থী হিসেবে পরিচিত। তার পরও জয় নিয়ে শঙ্কিত অনেকেই।

বালিয়াকান্দি উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ মানিক জানান, এ উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির অধিকাংশ নেতা এবার মোটরসাইকেল প্রতীকের প্রার্থী এহসানুল হাকিম সাধনের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছে।