শান্তি প্রতিষ্ঠায় তরুণ নেতৃত্বকে এগিয়ে নিতে অনুষ্ঠিত হয়েছে ‘ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ সামিট-২০১৯’। গতকাল শুক্রবার রাজধানীর কাকরাইলে আইডিইবি (ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ) মিলনায়তনে অনুষ্ঠিত এ সামিটে সারা দেশের প্রায় ২৫০ জন তরুণ শিক্ষার্থী অংশ নেন।
এদিন সকালে ‘ইয়ুথ ক্লাব অব বাংলাদেশ’ আয়োজিত এ সামিটের উদ্বোধন করেন মানুষের জন্য ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিচালক শাহিন আনাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার কানবার হোসেইন বোর। উদ্বোধনী বক্তব্যে শাহীন আনাম বলেন, ‘তরুণদের দায়িত্ব হলো দেশ গড়া। প্রত্যেকেই প্রত্যেকের কাছে নিজ নিজ কাজের জন্য দায়ী, তাই সবাইকে নিজ নিজ দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে হবে। আর এর মাধ্যমেই সাস্টেইনেবল গোল অর্জন করা সম্ভব হবে।’
ধর্মনিরপেক্ষ, বৈষম্যহীন ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান শাহীন আনাম।
ডেপুটি হাইকমিশনার কানবার হোসেইন বোর বলেন, ‘ইতিবাচক কাজে তরুণদের আরও বেশি অংশগ্রহণ করা উচিত। তরুণদের হাতেই এখন বিশ্ব, যে রাষ্ট্র যত বেশি তারুণ্যনির্ভর সে রাষ্ট্র তত বেশি পরিবর্তনশীল ও বৈচিত্র্যময়।’ অনুষ্ঠানে সামিট চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সাধারণ সম্পাদক নাসিমা আক্তার জলি। কো-চেয়ার ছিলেন সাংবাদিক সাইফুল ইসলাম। অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে ছিলেন নাগরিক টেলিভিশনের সিইও আবদুন নূর তুষার ও ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান। সামিট আয়োজনে সহযোগিতা করে কমিউনিটি ডেভেলপমেন্ট ফর পিস, ইয়ুথ ভিলেজ বিডি ও সিমুড ইভেন্টস। ক্লাব পার্টনার হিসেবে ছিল স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ভলেন্টিয়ার্স ক্লাব ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সোসিওলজি ক্লাব।