মিজোরামে মদপান করলে জেল-জরিমানা

ভারতের গুজরাট ও বিহার রাজ্যে মদ নিষিদ্ধ হয়েছে আগে। একই পদক্ষেপ নেওয়া হচ্ছে মিজোরামে। এপ্রিলের প্রথম দিন থেকে উত্তর–পূর্বের এই রাজ্যে নিষিদ্ধ হতে চলেছে মদ।

দেশটির বাংলা দৈনিক আজকাল জানায়, বিধানসভায় সম্প্রতি সর্বসম্মতভাবে পাশ হয়েছে ‘‌মিজোরাম মদ নিষিদ্ধ বিল’‌। তারপরই এপ্রিল থেকে মিজোরামে মদ নিষিদ্ধ করার ঘোষণা দেয় ক্ষমতাসীন মিজো ন্যাশনাল ফ্রন্ট সরকার।

নতুন এ আইন অনুযায়ী- মদ তৈরি, বিক্রি ও পান সবকিছুই আইনিভাবে নিষিদ্ধ। আইন ভেঙে বেচা-কেনা করলে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে। সেই সঙ্গে থাকছে মোটা অঙ্কের জরিমানা।

মদ পান করে ধরা পড়লে বা গন্ডগোলের চেষ্টা করলে ৬ থেকে ২৪ মাস পর্যন্ত জেলের বিধান রাখা হয়েছে। অপরাধের ধরন অনুযায়ী শাস্তির মেয়াদ ঠিক হবে। একই অপরাধের পুনরাবৃত্তি ঘটালে শাস্তিও দ্বিগুণ হবে।

২০১৮ সালে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যটির শাসকদল প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে মিজোরামকে ‘ড্রাই স্টেট’‌ ঘোষণা করা হবে। নিষিদ্ধ হবে মদ। সেই প্রতিশ্রুতিই রক্ষা করতে পার হলো বছরখানেক।

এর আগে ১৯৯৭ সালে একবার মদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় মিজোরামে। ২০১৫ সাল পর্যন্ত সেই আদেশ জারি ছিল। কংগ্রেস ক্ষমতায় এসে ২০১৫ সালে আইন সংস্কার করে মদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।