ইউরো ২০২০ কোয়ালিফায়ারে ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে জার্মানি। তাদের প্রতিপক্ষ আগের ম্যাচে বড় জয় পাওয়া নেদারল্যান্ডস। ডাচরা প্রথম ম্যাচে বেলারুশকে হারিয়েছিল ৪-০ ব্যবধানে। ২০১৮ বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায়ের পর নেশন্স লিগেও রেলিগেশনে পড়ে জার্মানি। এরপর নতুন করে তরুণ দল গড়েন জার্মান কোচ জোয়াকিম লো।
জার্মানির তরুণ দল তাদের প্রথম পরীক্ষায় গত বুধবার রাতে সার্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। নেশন্স লিগেও একই গ্রুপে ছিল এই দুই দল। গ্রুপে দুই ম্যাচের দেখায় একটিতে ২-২ গোলে ড্র এবং অপরটিতে নেদারল্যান্ডসের কাছে ৩-০ তে হেরেছিল জার্মানরা। এই দুই দলের সবশেষ পাঁচ দেখায় জার্মানি জিতেছিল মাত্র একটিতে। তাও আবার ২০১২ সালের ইউরোতে।
নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের ফলেও এগিয়ে ডাচরাই। দুটি ড্র এবং তিন জয় নেদারল্যান্ডসের। গত নভেম্বরে নেশন্স লিগের ম্যাচে নিজেদের মাঠে ২-০ গোলে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়েছিল তারা। অপরদিকে জার্মানি নিজেদের শেষ পাঁচ ম্যাচে জিতেছে মাত্র একটিতে। বাকি দুটি ড্র এবং দুটিতে হেরেছে। তাই আজ ডাচদের সামনে কঠিন পরীক্ষাই দিতে হবে জোয়াকিম লোর নতুন জার্মানিকে।