ফার্গুসনের চিবানো চুইংগামের দাম সোয়া ৪ কোটি টাকা!

ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ অ্যালেক্স ফার্গুসন শেষ ম্যাচে চিবিয়ে যে চুইংগামটি ফেলে দিয়েছিলেন তা এতদিন সংগ্রহে রেখেছিলেন তরুণ এক ভক্ত। সেই চুইংগাম এবার নিলামে বিক্রি হলো কয়েক কোটি টাকায়!

২০১৩ সালের ১৩ মে ইউনাইটেড-ওয়েস্ট ব্রোমউইচ ম্যাচ ছিল কোচ হিসেবে ফার্গুসনের শেষ ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগের ১০ গোলের ওই ম্যাচটি ৫-৫ গোলে ড্র হয়েছিল।

বরাবরের মতো ম্যাচেও ডাগআউটে বসে পুরো সময় চুইংগাম চিবান ফার্গুসন। মাঠেই তা ফেলে আসেন। ইউনাইটেডের এক সমর্থক ক্লাবটির সর্বকালের সেরা কোচ ফার্গুসনের চিবোনো শেষ চুইংগামটি রেখেছিলেন নিজের সংগ্রহে।

সম্প্রতি নিমালে তোলা হয় ফার্গুসনের সেই চুইংগামটি। বিক্রি হয় ৪ কোটি ৩০ লাখ টাকায়। নিলামের সেই অর্থ ক্লাবেরই চ্যারিটিতে দান করা হবে বলে জানা গেছে।

ইউনাইটেড শিবিরে দীর্ঘ ২৭ বছর কোচের দায়িত্ব পালন করেছেন ফার্গুসন। এই সময়ে চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগসহ দলকে অসংখ্য শিরোপা জেতান তিনি।