কাজের চাপ কমাবেন যেভাবে

কাজ তো আমাদের করতেই হয়। কিন্তু অনেক সময় অতিরিক্ত কাজটাই মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। তাই চাপে নয়, কাজ হোক আনন্দের সঙ্গে। কাজের চাপ কমিয়ে ফেলার নানা উপায় জেনে নিন

কর্মক্ষেত্রে অনেকেরই একাধিক কাজ একসঙ্গে করতে হয়। একসঙ্গে একাধিক কাজ করলে অল্প সময়ে কাজ ঠিকই কমে যায় কিন্তু শারীরিক ও মানসিক চাপ পড়ে। তাই কর্মক্ষেত্রে একাধিক কাজ করার প্রবণতা বাদ দিতে হবে।

-কাজের চাপ কমানোর উপায় হলো সহকর্মীরা যদি সমমনা ও একত্র থাকেন। সহকর্মীর সঙ্গে সদ্ভাব রাখুন। একে অন্যকে সহযোগিতা করুন।

-কর্মক্ষেত্রে যত তাড়াতাড়ি আপনি নিজেকে মানিয়ে নেবেন কাজের চাপ তত কম মনে হবে।

-কর্মক্ষেত্রে দেরিতে পৌঁছানো আপনাকে কাজের চাপে যেমন বিপর্যস্ত করে তুলতে পারে, ঠিক সময়মতো কাজের জায়গায় যেতে পারলে আপনার সারা দিনের কাজের চাপ অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। তাই কর্মক্ষেত্রে সময়মতো পৌঁছানোর চেষ্টা করুন।

- কর্মক্ষেত্রে নিজের কাজের জায়গাটা বিশেষ করে টেবিল সাজিয়ে-গুছিয়ে রাখুন। কাজে মন বসবে।

- কর্মক্ষেত্রে এমন অনেক কাজ থাকে যেগুলো একার পক্ষে করা কঠিন। সেক্ষেত্রে এমন কোনো কাজের দায়ভার নিতে যাবেন না যা আপনার দ্বারা করা সম্ভব নয়। এতে কেবল কাজের চাপই বাড়বে, কাজের কাজ কিছুই হবে না।

-কাজের চাপ কমিয়ে আনতে আপনার নিজের শরীরের প্রতি যত্নবান হওয়া জরুরি। প্রতিদিন ঠিকমতো ঘুমানো, পর্যাপ্ত পুষ্টিকর খাবার গ্রহণ আর নিজের আত্মবিশ্বাস এবং কর্মদক্ষতা একটু একটু করে বাড়িয়ে তোলা এ কাজগুলো আপনাকে শারীরিকভাবে ফিট রেখে আপনার কর্মক্ষেত্রের কাজের চাপ মানিয়ে নিতে সহায়তা করবে।