কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

খাগড়াছড়ি জেলার পানছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে পানছড়ি সরকারি কলেজের শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদ। গতকাল রবিবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। অবশ্য উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ সমীর দত্ত চাকমা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজের সহকারী অধ্যাপক সত্যজিৎ চৌধুরী। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘অধ্যক্ষ সমীর দত্ত চাকমা বিভিন্ন সময় অনিয়ম ও আর্থিক দুর্নীতি করে আসছেন। শিক্ষার্থীদের মাসিক ও পরীক্ষা ফি রসিদ ছাড়া আদায় করে থাকেন। আদায় করা টাকা থেকে শিক্ষকদের বেসরকারি অংশের বেতন না দিয়ে তিনি আত্মসাৎ করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, কলেজ সরকারীকরণ হলেও তারা এখনো সরকারি বেতন-ভাতা পান না। বেসরকারি অংশের ন্যায্য বেতন-ভাতা কলেজ ফান্ড থেকে না দিয়ে তা থেকে বঞ্চিত করছেন কলেজের অধ্যক্ষ। এই অনিয়ম-দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্লের উত্তর দেন আইসিটি বিভাগের প্রভাষক রতœ কুসুম চাকমা, রসায়ন বিভাগের প্রভাষক শিবু নারায়ণ পাল ও দর্শন বিভাগের প্রভাষক শ্যামলী চাকমা। কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে অধ্যক্ষ সমীর দত্ত চাকমার কাছে জানতে চাইলে তিনি জানান, শিক্ষক-কর্মচারীদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি সরকারি বিধি মোতাবেক কলেজের সব অর্থ ব্যয় করছেন বলে দাবি করেন।