এসপানিওলের বিপক্ষেই ফিরবেন মেসি

ভেনেজুয়েলার বিপক্ষে কুঁচকির ইনজুরিতে পড়েছেন লিওনেল মেসি। যে কারণে মরক্কোর বিপক্ষে মঙ্গলবার দেশের হয়ে দ্বিতীয় প্রীতি ম্যাচে খেলবেন না। মেসির আবার ইনজুরিতে পড়ায় শঙ্কা দেখা দিয়েছিল বার্সেলোনায় অনুপস্থিতি নিয়ে। কিন্তু সেই ভয় কেটেছে। ইএসপিএন এফসির সূত্রমতে, বার্সার হয়ে পরের ম্যাচেই খেলতে পারবেন মেসি।

বার্সেলোনার পরের ম্যাচ লা লিগায় এসপানিওলের বিপক্ষে। আগামী শনিবার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে হবে ম্যাচটি। এখনো পাঁচ দিনের মতো সময় আছে। ক্লাবটির বিশ্বাস, এ সময়ে ইনজুরি থেকে সেরে উঠবেন মেসি। তাই পাঁচবারের বর্ষসেরা তারকাকে নিয়ে চিন্তা করছে না কাতালান জায়ান্টরা।

মৌসুমে এখন পর্যন্ত মেসির পা থেকে এসেছে ৩৯ গোল। গত ফেব্রুয়ারিতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে পায়ের ইনজুরিতে পড়েছিলেন। সেরে উঠতে একটু সময় লেগেছিল। সম্প্রতি দারুণ ছন্দে আছেন মেসি। লিওঁর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে জোড়া গোলের পর লিগে রিয়াল বেতিসের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন। কিন্তু নয় মাস পর আবার জাতীয় দলে ফিরে ইনজুরিতে পড়লেন। ফেরাটা সুখকর ছিল না তার জন্য। ভেনেজুয়েলার কাছে দল হেরেছে ৩-১ গোলে।