বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, সুন্দরবনের আশপাশে শিল্প-কারখানা নয়, পর্যটন কেন্দ্র গড়ে তুলুন।
সোমবার উপমন্ত্রী আলীবান্ধা ও আন্ধারমানিকে প্রস্তাবিত নতুন দুটি পর্যটন এলাকা পরিদর্শন শেষে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের খুড়িয়াখালী সাইক্লোন সেন্টারে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় এ কথা বলেন।
উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার আরও বলেন, দেশী-বিদেশী ইকো-ট্যুরিষ্টেদের ক্রমবর্ধমান চাপ সামাল দিতে পূর্ব সুন্দরবন বিভাগের আলীবান্ধা ও আন্ধারমানিকে নতুন দুটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। সুন্দরবনকে রক্ষা করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সুন্দরবন আমাদের সম্পদ, সবাই মিলে সুন্দরবনকে রক্ষা করতে হবে।
সুন্দরবনের আশ-পাশে শিল্প-কারখানা না করে সেখানে ট্যুরিষ্টদের আবাসনসহ অত্যাধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তুলতে দেশের শিল্পপতিদের প্রতি আহ্বান জানান উপমন্ত্রী।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন. বাগেরহাট- ৪ আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান, সুন্দরবন সুরক্ষায় শরণখোলা রেঞ্জ সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হোসেন প্রমুখ।