দেশ রূপান্তরে সংবাদ প্রকাশের পর সাইকেল পেলেন পত্রিকা বিক্রেতা মোস্তাকিম

দিনাজপুরের পার্বতীপুরে সংবাদপত্র পাঠকদের প্রিয়মুখ ও পত্রিকা হকার মোস্তাকিম সরকার। পেশাগত জীবনে একমাত্র অবলম্বন বাইসাইকেলটি হারিয়ে কর্মহীন হয়ে পড়েন।

তিনি পার্বতীপুর সংবাদপত্র হকার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক। প্রায় ৩০ বছরের সংবাদপত্র বিক্রির কাজে ব্যবহৃত তার বাইসাইকেল গত বুধবার গভীর রাতে শহরের ইসলামপুর কালীবাড়ি মহল্লার বাসা থেকে চুরি হয়।

গত ২২ মার্চ দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় ‘সংবাদপত্র বিক্রেতার বাইসাইকেল চুরি’ শিরোনামে একটি মানবিক সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি দৃষ্টিগোচর হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এর জ্যেষ্ঠ কন্যা আমেরিকা প্রবাসী প্রকৌশলী ফারহানা রহমান মুক্তার।

তার সহায়তায় সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে শহীদ মিনার রোডে পার্বতীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মিঠুন কুমার বণিক একটি নতুন বাইসাইকেল মোস্তাকিম সরকারের হাতে তুলে দেন।

সাইকেলটি পেয়ে মোস্তাকিম সরকার বলেন, বাইসাইকেলটি হারিয়ে আমি দিশেহারা হয়ে পড়ি। সাইকেল কেনার টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব ছিল না। এ জন্য কয়েকটা দিন খুবই চিন্তিত ছিলাম।

পার্বতীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মিঠুন কুমার বণিক বলেন, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী প্রতিটি মানুষই একে অপরের পাশে দাঁড়াবে এটাই স্বাভাবিক। আমি শুনে তাকে বাইসাইকেল দেওয়ার আশ্বস্ত করি। এরই ধারাবাহিকতায় আমাদের সাবেক মন্ত্রী মহোদয়ের মেয়ে তার সাইকেলের ব্যবস্থা করে দেন।