পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ২৫ জেলার ১১৭ উপজেলায় গত রবিবার ভোট হয়। এতে ভোটে লড়েন ১ হাজার ৩২৩ প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৪০ জন, ভাইস চেয়ারম্যান ৫৮৪ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩৯৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এই ধাপে ৩৩ চেয়ারম্যান, ৯ ভাইস চেয়ারম্যান ও ১৩ জন সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যানসহ মোট ৫৫ জন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
দেশ রূপান্তরের ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর অনুযায়ী তৃতীয় ধাপের ভোটে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হলেন যারা :
চুয়াডাঙ্গা সদরে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুল হক বিশ্বাস, আলমডাঙ্গায় স্বতন্ত্র প্রার্থী আয়ুব আলী, দামুড়হুদায় স্বতন্ত্র আলী মুনসুর বাবু ও জীবননগরে স্বতন্ত্র হাফিজুর রহমান। ভোলার বোরহানউদ্দিনে ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন রাসেল আহমেদ মিয়া ও মাহফুজা ইয়াসমিন।
মাগুরা সদরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবু নাসির বাবলু, শালিখায় স্বতন্ত্র কামাল হোসেন, মহম্মদপুরে স্বতন্ত্র আবু আব্দুল্লাহেল কাফি, শ্রীপুরে স্বতন্ত্র মাহামুদুল গনি শাহিন নির্বাচিত হয়েছেন।
ঝিনাইদহ সদরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুর রশিদ, হরিণাকুণ্ডুতে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর হোসাইন, শৈলকুপায় স্বতন্ত্র শিকদার মোশাররফ হোসেন সোনা নির্বাচিত হয়েছেন। এ ছাড়া কালীগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে শিবলী নোমানী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহানাজ পারভীন, শৈলকুপায় ভাইস চেয়ারম্যান পদে জাহিদুন্নবী কালু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিলুফার ইয়াছমিন, সদরে ভাইস চেয়ারম্যান পদে রাশিদুর রহমান রাসেল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরতী দত্ত এবং হরিণাকুণ্ডুতে ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম শিলু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেশমা খাতুন নির্বাচিত হয়েছেন।
নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের হারুনুর রশিদ খান, ভাইস চেয়ারম্যান শরীফ সারোয়ার জুয়েল ও তাপসী রাবেয়া বিজয়ী হয়েছেন। মনোহরদীতে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের সাইফুল ইসলাম খান বীরু, ভাইস চেয়ারম্যান পদে এম এস ইকবাল আহমেদ ও আফরোজা সুলতানা রুবি। বেলাব উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের শমসের জামান ভূইয়া রিটন, ভাইস চেয়ারম্যান পদে মনিরুজ্জামান জাহাঙ্গীর ও শারমিন আক্তার খালেদা বিজয়ী হয়েছেন। রায়পুরায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আবদুস সাদেক, ভাইস চেয়ারম্যান আলহাজ মোমেন হাজী ও তাহমিনা মানিক বিজয়ী হয়েছেন।
কুষ্টিয়ার দৌলতপুরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী এজাজ আহমেদ মামুন, মিরপুরে নৌকার প্রার্থী কামারুল আরেফিন, ভেড়ামারায় নৌকার প্রার্থী আকতারুজ্জামান মিঠু, সদরে নৌকার প্রার্থী আতাউর রহমান আতা, কুমারখালীতে নৌকার প্রার্থী আবদুল মান্নান ও খোকসায় স্বতন্ত্র প্রার্থী আল মাসুম মুর্শেদ শান্ত বিজয়ী হয়েছেন।
বরিশালের বাবুগঞ্জে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের কাজী ইমদাদুল হক দুলাল। উজিরপুরে আওয়ামী লীগের আবদুল মজিদ সিকদার বাচ্চু। হিজলায় স্বতন্ত্র বেলায়েত হোসেন ঢালী।
চাঁদপুর সদর উপজেলায় আওয়ামী লীগের নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলায় জাহিদুল ইসলাম রোমান, শাহরাস্তি উপজেলায় মো. ফরিদ উল্যাহ চৌধুরী, কচুয়া উপজেলায় বর্তমান চেয়ারম্যান শাহজাহান শিশির বিজয়ী হয়েছেন।
কিশোরগঞ্জ সদরে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মামুন আল মাসুদ খান, করিমগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদ, তাড়াইলে জাতীয় পার্টির প্রার্থী জহিরুল ইসলাম ভূঞা শাহীন, হোসেনপুরে স্বতন্ত্র মোহাম্মদ সোহেল, পাকুন্দিয়ায় আওয়ামী লীগের রফিকুল ইসলাম রেনু, নিকলীতে স্বতন্ত্র রুহুল কুদ্দুস ভূইয়া জনি, ইটনা উপজেলায় নৌকা প্রতীকের চৌধুরী কামরুল হাসান। অষ্টগ্রামে আওয়ামী লীগের প্রার্থী শহিদুল ইসলাম জেমস, কুলিয়ারচরে আওয়ামী লীগের প্রার্থী ইয়াছির মিয়া এবং ভৈরব উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী সায়েদুল্লাহ মিয়া চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
শেরপুরের ঝিনাইগাতীতে চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগের এস এম আবদুল্লাহেল ওয়ারেজ নাইম, নালিতাবাড়ীতে স্বতন্ত্র মোকছেদুর রহমান লেবু এবং শ্রীবরদীতে স্বতন্ত্র এ ডি এম শহিদুল ইসলাম।
বরিশালের হিজলায় স্বতন্ত্র প্রার্থী বেলায়েত হোসেন ঢালী এবং উজিরপুরে নৌকা প্রতীকের আবদুল মজিদ শিকদার চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
গাজীপুরের কাপাসিয়ায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আমানত হোসেন খান, কালিয়াকৈরে স্বতন্ত্র প্রার্থী কামাল উদ্দিন শিকদার ও শ্রীপুরে স্বতন্ত্র সামসুল আলম প্রধান।
নড়াইল সদরে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নিজাম উদ্দিন খান নিলু, কালিয়ায় আওয়ামী লীগের কৃষ্ণ পদ ঘোষ ও লোহাগড়ায় স্বতন্ত্র প্রার্থী শিকদার আবদুল হান্নান রুনু।
রংপুর সদরে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাছিমা জামান ববি এবং মিঠাপুকুরে আওয়ামী লীগের জাকির হোসেন সরকার।
কক্সবাজারের পেকুয়ায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান পদে আজিজুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উম্মে কুলসুম মিনু।
চট্টগ্রামের বোয়ালখালীতে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত নুরুল আলম রাজা, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম ও শামীম আরা বেগম। পটিয়ায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিমির বরণ চৌধুরী। চন্দনাইশ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে সোলায়মান আলম ফারুকী ও কামেলা খানম রুপা। বাঁশখালীতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী চৌধুরী মোহাম্মদ গালিব, ভাইস চেয়ারম্যান এমরানুল হক ও রেহানা আক্তার কাজমী।
লক্ষ্মীপুর সদরে স্বতন্ত্র এ কে এম সালাউদ্দিন টিপু, কমলনগরে স্বতন্ত্র মেজবাহ উদ্দিন বাপ্পী ও রামগতি উপজেলায় স্বতন্ত্র শরাফ উদ্দিন আজাদ নির্বাচিত হয়েছেন। রামগঞ্জ ও রায়পুর উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী মনির হোসেন চৌধুরী ও অধ্যক্ষ মামুনুর রশিদ নির্বাচিত হয়েছেন।
সাতক্ষীরার আশাশুনিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী এ বি এম মোস্তাকিম, তালায় আওয়ামী লীগের ঘোষ সনৎ কুমার, শ্যামনগরে আওয়ামী লীগের এস এম আতাউল হক দোলন, কলারোয়ায় স্বতন্ত্র আমিনুল ইসলাম লাল্টু, সদরে আওয়ামী লীগের আসাদুজ্জামান বাবু, কালীগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সাঈদ মেহেদী ও দেবহাটায় আওয়ামী লীগের আবদুল গনি বিজয়ী হয়েছেন।
শরীয়তপুরের গোসাইরহাটে চেয়ারম্যান পদে স্বতন্ত্র ফজলুর রহমান নির্বাচিত হয়েছেন।
গোপালগঞ্জ সদর উপজেলায় শেখ লুৎফর রহমান বাচ্চু, টুঙ্গিপাড়ায় সোলায়মান বিশ্বাস, কোটালীপাড়ায় বিমল কৃষ্ণ বিশ্বাস, কাশিয়ানীতে সুব্রত ঠাকুর এবং মুকসুদপুর উপজেলায় কাবির মিয়া চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। এ জেলায় দলীয় মনোনয়ন দেওয়া হয়নি।