দারুণ ব্যাটিংয়ে দলের জয় নিশ্চিত করে ফেলেছেন। ক্ষণ গুনছেন সেঞ্চুরির মাইলফলকে পৌঁছার। কিন্তু মাত্র ৪ রানের জন্য সেটি পেলেন না আবাহনী লিমিটেডের জহুরুল ইসলাম অমি। তাকে সেঞ্চুরি বঞ্চিত করলেন জাতীয় দলের সাবেক বোলার শাহাদাত হোসেন রাজীব। জহুরুলকে বোল্ড করে শাহাদাত করলেন বুনো উল্লাস।
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আবাহনী ও মোহামেডান। ম্যাচে মোহামেডানকে ৬ উইকেটে হারায় আবাহনী।
আগে ব্যাট করে ৭ উইকেটে ২৪৮ রান করেছিল মোহামেডান। জবাবে জহুরুলের দারুণ ব্যাটিংয়ে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৫ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে দলটি।
১৩১ বলে ১২ চারে ৯৬ রান করেন জহুরুল। ম্যাচ সেরার পুরস্কার হাতে ওঠে জহুরুলের। বিগ ম্যাচের নায়ক হয়ে নিশ্চিত ভাবেই খুশি থাকার কথা জহুরুলের। কিন্তু নার্ভাস নাইন্টিজে আউট হলে কোন ব্যাটসম্যানই বা খুশি থাকতে পারেন।
লিগের প্রথম ম্যাচেই বিকেএসপির বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন জহুরুল। এবারের আসরে দ্বিতীয় সেঞ্চুরির অপেক্ষায় যখন, ঠিক তখনই শাহাদাতের বলে বোল্ড হয়ে ফেরেন। জাতীয় দলের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের চোখে মুখে তখন রাজ্যের হতাশা।
ঠিক তার পাশেই তখন বুনো উল্লাস ছিল শাহাদাতের। জহুরুলের মনে কি সেটি কাটা হয়েই বিঁধছে? অবশ্য জহুরুলকে সমবেদনা জানাতেও ভোলেননি শাহাদাত। দারুণ ইনিংসের জন্য দিয়েছেন পিঠ চাপড়ে।