অবশেষে নিউজিল্যান্ডের ক্রাইষ্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত নারায়ণগঞ্জের বন্দরের ওমর ফারুকের (৩৫) লাশ মঙ্গলবার (২৬ মার্চ) রাতে দেশে আসছে। ২৭ মার্চ (বুধবার) সকালে তার জানাজা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার রাত ১০টা চল্লিশ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে ওমর ফারুকের লাশ আনা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইষ্টচার্চে জুম্মার নামাজের আগ মুহূর্তে সন্ত্রাসী হামলায় আহত ওমর ফারুক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সে বন্দরের রাজবাড়ি এলাকার মৃত আব্দুর রহমানের একমাত্র ছেলে।
ওমর ফারুকের ভগ্নিপতি সারোয়ার হোসেন দেশ রূপান্তর জানান, সিঙ্গাপুর এয়ারলাইন্সের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে যে মঙ্গলবার রাত দশটা চল্লিশ মিনিটে ওমর ফারুকের লাশ আসছে। লাশ গ্রহনের জন্য তাদের হজরত শাহজালাল বিমান বন্দরে থাকতে বলা হয়েছে। নিহতের জানাজা বুধবার সকালে অনুষ্ঠিত হবে। তবে জানাজার সময় এবং স্থান তারা এখনো ঠিক করেননি।
জানা গেছে, ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ওমর ফারুক সানজিদা জামান নেহাকে বিয়ে করেন। ওমর ফারুকের মা রাহিমা খাতুন এখনো বিশ্বাস করতে পারছেন না তার ছেলে মারা গেছে। তিনি বলেন, আমার ছেলেকে আমি একবার দেখতে চাই। যে লাশ আসছে সেটি তার কিনা আমি দেখতে চাই। অনেকে বলছে সে মারা গেছে। কিন্তু আগে শুনেছিলাম সে হাসপাতালে আছে। আহত হয়েছে।
ওমর ফারুকের বাবা আগেই মারা গেছেন। ওমর ফারুকই ছিলো এ পরিবারের একমাত্র আয়ের উৎস। ওমর ফারুকরা তিন বোন আর সে একমাত্র ভাই ছিলো। তিন বোনের মধ্যে দুইজনের বিয়ে হয়ে গেছে। একজনের এখনো বিয়ে হয়নি।
১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর ও লিনউড মসজিদে বন্দুকধারীর হামলায় ঘটনাস্থলেই নিহত হন ৪৯ জন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওমর ফারুক।