৪৬ বছরের পুরোনো শাড়িতে সাজলেন শবনম ফারিয়া

নাটক সিনেমায় অভিনয়ের প্রয়োজনে তারকাদের নানা ধরনের কস্টিউম পরে সাজতে হয়। কিন্তু একবার ভাবুন তো বিয়ের কোনো দৃশ্যে অভিনয়ের জন্য কোনো তারকা পরলেন ৪৬ বছরের পুরোনো শাড়ি! বিষয়টি অবাক করার মতো হলেও ঘটনা সত্যি। ৪৬ বছরের পুরোনো শাড়ি পরে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। দেশ রূপান্তরকে বিষয়টি জানিয়েছেন নির্মাতা মাসুম শাহরিয়ার।

তিনি জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে তিনি নির্মাণ করেছেন একক নাটক ‘শিকার’। এ নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন শবনম ফারিয়া ও ইরফান সাজ্জাদ। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ের একটি সত্য ঘটনার অনুপ্রেরণায় তিনি নির্মাণ করেছেন নাটকটি। যেখানে বর ও বউয়ের ভূমিকায় দেখা যাবে এই দুই অভিনয়শিল্পীকে।

নাটকে বিয়ের দৃশ্যে বাস্তবায়িত করতেই পরিচালক শবনম ফারিয়ার হাতে তুলে দিয়েছেন ৪৬ বছর ধরে সংরক্ষিত একটি শাড়ি। শাড়িটি পরিচালকের মায়ের।

পরিচালক মাসুম শাহরিয়ার বলেন, ‘এই নাটকের জন্যে ৬০/৭০ দশকের বিয়ের শাড়ি দরকার ছিল। আম্মাকে বললাম, আছে? আম্মা জানতে চাইল কে পরবে?আমি অভিনেত্রীর নাম বলার পর আম্মা একটু কি যেন ভাবলেন। তারপর আলমারি থেকে বার করে দিলেন শাড়িটি।আমার আম্মার বিয়ে হয়েছিল ১৯৭৩ সালের মার্চ মাসে। ৪৬ বছর পরের আরেক মার্চ মাসে আমার আম্মার বিয়ের শাড়ি পরে একটা নাটকে অভিনয় করল শবনম ফারিয়া। নাটকটি দেখতে দেখতে আম্মার নিশ্চয়ই আব্বার কথা খুব মনে পড়বে?’

নাটকটি লিখেছেন মো. জামাল হোসেন। ইরফান সাজ্জাদ ও শবনম ফারিয়ার পাশাপাশি নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, শর্মিলী আহমেদ, পাভেল ইসলাম, তিনু করিমসহ অনেকে।গাজীপুর ও পূবাইলের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। স্বাধীনতা দিবসে আরটিভির বিশেষ আয়োজনে প্রচারিত হবে ‘শিকার’ নাটকটি। রাত ৮টায় নাটকটি প্রচার করবে চ্যানেলটি।