পন্তের দিল্লিকে সহজেই হারাল ধোনির চেন্নাই

মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলা বলে রিশভ পন্তের উপর একটু বেশিই নজর ছিল সবার। বিশ্বকাপে ধোনির ব্যাকআপ হিসেবে পন্তের জায়গা পাওয়া নিয়ে আলোচনা চলছে প্রচল। যেখানে পন্তের প্রতিদ্বন্দ্বী দিনেশ কার্তিক। এই কিছুদিন আগেও ধোনির বিকল্প হিসেবেও যার নাম এসেছে।

তবে আইপিএলে ধোনি-পন্ত মুখোমুখি লড়াইয়ে জয়টা হলো ধোনির চেন্নাইয়ের। পন্তদের দিল্লি ক্যাপিটালসকে তার দল হারাল সহজেই। মঙ্গলবার দিল্লিকে ৬ উইকেটে হারায় চেন্নাই।

ফিরোজ শাহ কোটলায় টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪৭ রান করে দিল্লি। দলটির নেতৃত্বে শ্রেয়াস আয়ার। জবাবে ৪ বল হাতে থাকতেই জয় তুলে নেয় চেন্নাই।

ধোনি এদিন ৩৫ বলে অপরাজিত ৩২ রানের ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন। এর আগে দলীয় ২১ রানে অম্বতি রাইডু বিদায় নিলেও শেন ওয়াটসন করেন ৪৪ রান। ৩০ রান আসে সুরেশ রায়নার ব্যাট থেকে। এ ছাড়া কেদার যাদব করেছেন ২৭ রান। দিল্লির পক্ষে সর্বাধিক ২ উইকেট নিয়েছেন অমিত মিশ্রা।

এর আগে শিখর ধাওয়ানের ফিফটিতে ভর করে মোটামুটি একটি পুঁজি দাঁড় করায় দিল্লি। ১৮তম ওভারে ধাওয়ান চেন্নাই বোলারদের সপ্তম শিকার হয়ে ফেরেন। তার ৪৭ বলে করা ৫১ রানের ইনিংসে ছিল ৭টি চার। রিশভ পন্ত ১৩ বলে ২৫ রান করে থেমেছেন। পৃথ্বি শ ১৬ বলে ৫ চারে করেন ২৪ রান।

চেন্নাই বোলারদের পক্ষে সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন ডোয়াইন ব্রাভো। ম্যাচসেরা হয়েছেন চেন্নাইয়ের ওয়াটসন।

দুই ম্যাচে দুটিতেই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ‍উপরে চেন্নাই। এদিকে ২ ম্যাচে একটি করে জয় ও পরাজয়ে ২ পয়েন্ট দিল্লির।