ভানুয়াতুতে আটকা ১০১ বাংলাদেশি

অস্ট্রেলিয়ায় ভালো বেতনে চাকরির উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন ১০১ বাংলাদেশি। কিন্তু প্রতারণার শিকার হয়ে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ভানুয়াতুতে আটকা পড়েছেন তারা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিরা গত দুই বছর ধরে বিদেশ পাড়ি জমিয়েছিলেন। কিন্তু পাচারকারীদের হাতে প্রতারিত হয়ে তাদের স্থান হয়েছে দ্বীপটিতে। তাদের মধ্যে দুই শিশুও রয়েছে। বড়দের সঙ্গে তারা সেখানে মানবেতর জীবনযাপন করছে।
স্থানীয় একটি মানবাধিকার সংস্থার বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে আরও জানানো হয়, মানবপাচারের দায়ে কয়েক পাচারকারীকে আটক করেছে ভানুয়াতু কর্র্তৃপক্ষ। আটককৃতদের আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশি এ নাগরিকদের বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে এরমধ্যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মাধ্যমে ভানুয়াতু সরকারের সঙ্গে যোগাযোগ করেছে বলে বাংলাদেশ সরকার জানিয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ভানুয়াতুর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আটকে থাকা বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়ে দেশটির আদালতের নির্দেশের অপেক্ষায় আছেন তারা।