গতকাল ছিল বাংলাদেশের জন্মদিন। সুবর্ণজয়ন্তী চলে আসবে দ্রুত। ১৯৯৮ সালে তিন দেশকে নিয়ে ঢাকায় স্বাধীনতার রজতজয়ন্তীতে হয়েছিল ইন্ডিপেন্ডেন্স কাপ।
সুবর্ণজয়ন্তীর আগে আগামী বছর ঢাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ক্রিকেট নিয়ে ভালো একটা আয়োজনের পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের।
গতকাল মিরপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, ‘সামনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আছে। তার পরের বছর আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এটাকে উপলক্ষ করে আমরা এখন থেকেই একটা পরিকল্পনা করছি। আমরা এমন একটা কিছু করতে চাচ্ছি যেখানে সারা পৃথিবীর যারা ক্রিকেট দেখে, তারা যেন একসঙ্গে বসে দেখতে পারে।’
আগামী বছর ১৭ মার্চকে সামনে রেখে এই পরিকল্পনা অবশ্য প্রাথমিক পর্যায়ে। এটা জানিয়ে বিসিবিপ্রধান বলছিলেন, ‘টুর্নামেন্ট ঠিক না, একটা ম্যাচ বা একাধিক ম্যাচ। তবে সবকিছু নির্ভর করছে আন্তর্জাতিক সূচির ওপর। সব দেশকে পাওয়া খুব কঠিন। খেলা নেই এমন পাওয়া খুব কঠিন। আমরা চাই সবচেয়ে নামকরা ক্রিকেটাররা এখানে এসে খেলবে।’
সেটা হতে পারে বিশ্ব একাদশের সঙ্গে বাংলাদেশ একাদশের ম্যাচও। তবে চেষ্টা থাকবে সম্ভব হলে বড় কয়েকটি দেশকে নিয়ে একাধিক ম্যাচের আসর করার। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির অনুমোদনের জন্য এর মধ্যে যোগাযোগ করা হয়েছে।