আসামি পালানোর ঘটনায় ২ পুলিশ সদস্য বরখাস্ত

বরিশালে চিকিৎসাধীন অবস্থায় থাকা কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তারা হলেন- পুলিশের উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মো. আমিনুল ইসলাম এবং কনস্টেবল মো. রিয়াজুল ইসলাম।

বুধবার বেলা ১১ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও মহানগর গোয়েন্দা শাখার সহকারী পুলিশ কমিশনার নাছির উদ্দিন মল্লিক এই তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, গত মঙ্গলবার ভোররাতে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের চারতলার বাথরুমের গ্রিল ভেঙে হাতকড়াসহ পালিয়ে যায় অপহরণ মামলার আসামি দুখু মিয়া। ওই ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, ১ মাস আগে ফতুল্লা এলাকা থেকে এক শিশুকে অপহরণ করে পরিবারের কাছে প্রথমে ১৫ লাখ মুক্তিপণ দাবি করে সন্ত্রাসীরা। এ ঘটনায় ফতুল্লা থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়। ওই মামলায় গত ৪ মার্চ বরিশাল নগরের পলাশপুর ৮ নম্বর বস্তি থেকে দুখু মিয়া নামে এক আসামিকে গ্রেপ্তার করে পিবিআই। এ সময় গ্রেপ্তার এড়াতে দুখু মিয়া গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। আহত অবস্থায় ওই দিনই তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগে ভর্তি করা হয়। সেই থকে সে হাসপাতালের ওই বিভাগে চিকিৎসাধীন ছিলেন। গত মঙ্গলবার ভোররাতে সে হাতকড়াসহ বাথরুমে যায়। সেখান থেকে বাথরুমের গ্রিল ভেঙে হাতকড়াসহ সে পালিয়ে যায়।