চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ১০ মণ জাটকা জব্দ করেছে পুরান বাজার ফাঁড়ি পুলিশ। এ সময় আব্দুল কুদ্দুস নামের একজনকে আটক করা হয়। এসআই জাহাঙ্গীর আলম অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে হরিনা ফেরি ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জাটকা পাচারকালে ছয় ড্রাম জাটকাসহ এক পাচারকারীকে আটক করে পুলিশ।
পুরান বাজার ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, জাটকা পাচারকারী আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত জাটকা সংরক্ষণ করা হয়। জাটকা সংরক্ষণে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।