অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল রানি মুখার্জীর নতুন ছবি মর্দানি-২ এর কথা। কিন্তু ছবির শুটিং কবে শুরু হবে সেটা নিয়েই চলছিল আলোচনা।
২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবি মর্দানি’র সিক্যুয়াল হবে ‘মার্দানি-২’ সেটি অবশ্য জানা কথা। সেই সময়ে বক্স অফিসে হিট করেছিল প্রদীপ সরকার পরিচালিত মার্দানি।
সেই ছবিতে সিনিয়র পুলিশ অফিসার শিবানী শিবাজী রায়ের চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছিলেন বলিউডের বাঙালি কন্যা রানি। নারী পাচারকারীদের ধবল ধোলাই দিয়ে নিষিদ্ধপল্লী থেকে বহু নারীকে উদ্ধার করতে দেখা গিয়েছিল শিবানী রূপী রানিকে।
মর্দানির সিক্যুয়ালেও রানিকে সেই পুলিশ অফিসারের ভূমিকাতেই দেখা যাবে বলে খবর পাওয়া গেছে। মার্দানি-২ – এর শুটিং সেটের ছবি দেখে তা নিশ্চিত হওয়া গেছে। তবে মর্দানি-২ এর পরিচালক প্রদীপ সরকার থাকছেন না। ছবির প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস এটির দায়িত্ব দিয়েছেন গোপী পুথরানকে।
যশ রাজ ফিল্মস এর সোস্যাল সাইটে রানির মর্দানি-২ এর ফার্স্ট লুক শেয়ার করা হয়েছে। যেখানে রানিকে সাদা শার্ট ও কালো ট্রাউজারে পুলিশি অফিসার চরিত্রে দেখা গিয়েছে।
এর আগে মর্দানি-২ এর চিত্রনাট্যের প্রশংসা করে বিবৃতি দিয়েছিলেন রানি। জানিয়েছিলেন চিত্রনাট্য তার বেশ পছন্দ হয়েছে। প্রথম শুটিং সেটে রানীর পরিচিত লুকই বলে দিচ্ছে এই প্রজেক্ট নিয়েও রানী বেশ আশাবাদী।
মা হওয়ার পর যশ রাজ ফিল্মসের ব্যানারে 'হিচকি' ছবিতে অভিনয় বাজিমাত করেন রানি। মাত্র ২০ কোটি টাকা বিনিয়োগে তৈরি এই ছবি শুধুমাত্র রানির কাঁধে ভর করেই প্রায় ২৪০ কোটি টাকার ব্যবসা করে। ছবিটি বক্স অফিসে সুপার হিট হয়। তাই রানির নতুন সিনেমার শুটিংয়ে ফেরা বলিউডের দর্শকদের অপেক্ষা বাড়িয়ে দিল বহুগুণ।