রাজাপুরে অগ্নিকাণ্ডে বৃদ্ধার মৃত্যু

ঝালকাঠির রাজাপুরে অগ্নিকাণ্ডে নিজের ঘরে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছেন বৃদ্ধা। অন্যদিকে, চট্টগ্রামের লোহাগাড়ায় আগুন লেগে ভস্ম হয়েছে কয়েকটি বসতঘর। প্রতিনিধিদের পাঠানো খবর :

ঝালকাঠি : রাজাপুরে সুরাইয়া বেগম নামে এক বৃদ্ধা তার নিজ বসতঘরের আগুনে পুড়ে মারা গেছেন। গত মঙ্গলবার রাত ১২টায় উপজেলার পুটিয়াখালী গ্রামের সাতানি ব্রিজ সংলগ্ন আকনবাড়িতে এ ঘটনা ঘটে। সুরাইয়া বেগম (৮৫) মৃত তানজের আলী আকনের স্ত্রী। ঘটনার সময় তিনি বাড়িতে একা ছিলেন।

স্থানীয়দের ভাষ্যমতে, গভীর রাতে আকনবাড়িতে আগুন দেখে এলাকাবাসী তা নেভানোর চেষ্টা চালায়। কিন্তু এর আগেই পুরো ঘরটি পুড়ে যায়। আগুন নেভানোর পর ঘরে পাওয়া যায় সুরাইয়া বেগমের মাথার খুলি ও কয়েকটি হাড়। পরে পুলিশ এসে অঙ্গার হয়ে যাওয়া খুলি ও হাড়গোড় থানায় নিয়ে যায়।

স্থানীয়রা আরও জানায়, বৃদ্ধা সুরাইয়ার একমাত্র ছেলে পরিবার নিয়ে খুলনায় বসবাস করেন। একমাত্র মেয়ে মাঝে মধ্যে এসে এই বাড়িতে থাকতেন। কীভাবে আগুন লেগেছে তা কেউ জানাতে পারেনি। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইনুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

লোহাগাড়া (চট্টগ্রাম) : উপজেলার আমিরাবাদ বনিকপাড়ায় আগুন লেগে তিনটি বসতঘর পুড়ে গেছে। গত মঙ্গলবার রাত ১০টায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন মতিলাল ধর, সঞ্জীব ধর ও শিবু কুমার ধর। আগুনে শিবু ধরের ছেলে জয়ধর আহত হয়ে চিকিৎসাধীন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে সাতকানিয়া ফায়ারস্টেশন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।