ছেলেকে নির্যাতন: বাবাকে আটক করল পুলিশ

দিনাজপুর জেলার চিরিরবন্দরে স্বাধীনতা দিবসের দিন বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলার অভিযোগে শাহরিয়ার আহমেদকে (১০) আমগাছের ডাল দিয়ে পিটিয়ে জখম করেছে বাবা শাহজাহান আলী সাজু ও সৎ মা বিথি বেগম।

নির্যাতনের খবর পেয়ে শাহজাহান আলীকে আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ। রক্তাক্ত অবস্থায় শাহরিয়ারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।

দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের (বিন্যাকুড়ি বাজার) উত্তর সুখদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ডেকোরেটর ব্যবসায়ী আব্দুস সাত্তারের ছেলে শাহজাহান আলী সাজু তার ছেলেকে বেদম পিটিয়ে গুরুতর আহত করে। আহত শাহরিয়ার আহমেদ বিন্যাকুড়ি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ‘ক’ শাখার ছাত্র।

শাহরিয়ার আহমেদ জানায়, স্বাধীনতা দিবসে গ্রামের সমবয়সী বন্ধুরা মিলে ক্রিকেট খেলার আয়োজন করি । ক্রিকেট ম্যাচ শেষ করে সবাই মিলে আমাদের বাড়ির পাশের কাকরা নদীতে গোসল করি।

সে জানায়, গোসল শেষে বাড়ি ফিরলে বাবা শাহজাহান আলী সাজু ঘরের ডেকে নিয়ে হাত-পা বেঁধে আমগাছের ডাল দিয়ে পিটিয়ে রক্তাক্ত অবস্থায় আটকে রাখে। আমাকে আটকে রেখে পেট্রল দিয়ে জ্বালিয়ে দেবে, এই বলে পেট্রল কিনতে গেলে এক বন্ধুর সহযোগিতায় দরজা খুলে পালিয়ে আসি। পরে আমার নানা ও গ্রামবাসী আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

আহত শাহরিয়ার আহমেদের নানা আবুল কালাম আজাদ বলেন, ‘আমি বিন্যাকুড়ি বাজারে ছোটখাটো একটা ব্যবসা করি। লোক মারফত জানতে পারলাম আমার নাতি শাহরিয়ারকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। দৌড়ে গিয়ে নাতির রক্তমাখা অবস্থা দেখে হতভম্ব হই। তাকে নিয়ে ইউনিয়ন চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যানের পরামর্শে হাসপাতালে এসে ভর্তি করি ।

আহত শাহরিয়ারের নানি রওশন আরা বেগম জানায়, আমার মেয়ে শ্যামলী বেগমকে শাহজাহান আলী সাজুর কাছে বিয়ে দেওয়ার পর থেকেই যৌতুকের জন্য বিভিন্ন সময় মেয়েকে শারীরিক নির্যাতন করত । এক সময় মেয়ের সুখের জন্য ৬০ হাজার টাকা যৌতুক দিই। তারপরও নির্যাতন চলতে থাকায় মেয়েকে ডিভোর্স নেই। এর মধ্যে শাহরিয়ারের জন্ম হয়। গত এক বছর ধরে জোর করে শাহজাহান আলী সাজু শাহরিয়ারকে নিজের কাছে নিয়ে যায়।

চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মর্তুজা-আল মামুন জানান, শিশু শাহরিয়ারকে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে। তার হাত, পা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। তার সেরে উঠতে সময় লাগবে। শিশুটির মনে যে ভয় ঢুকে গেছে তা কেটে উঠতে অনেক দিন সময় লাগবে ।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) হারেসুল ইসলাম জানান, আমি ব্যক্তিগতভাবে শিশুটিকে হাসপাতালে দেখতে গেছি। শিশুটির অবস্থা দেখে যে কারো হৃদয় কেঁপে উঠবে । তার বাবা শাহজাহান আলী সাজুকে আটক করা হয়েছে । এখন থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।