ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ষষ্ঠ রাউন্ডে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে জয় তুলে নিয়েছে দলটি।
বুধবার বিকেএসপিতে সাদমান ইসলাম ও উন্মুক্ত চাঁদের ব্যাটে ভর করে ব্রাদার্সকে বৃষ্টি আইনে ৮ উইকেটে হারায় শাইনপুকুর।
টস হেরে আগে ব্যাট করতে নামা ব্রাদার্সের ইনিংসে দুইবার হানা দেয় বৃষ্টি। ফলে দলটির ইনিংস ৪০ ওভার পর্যন্ত নেমে আসে। জুনায়েদ সিদ্দিকির ৭৪ ও সিরাজ গনির ৫৪ রানে ভর করে ৫ উইকেটে ১৯৭ রান করে ব্রাদার্স।
বৃষ্টি আইনে শাইনপুকুরের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪০ ওভারে ২৩৯ রানের। ৩৫.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে দলটি। ওপেনার সাদমান ইসলাম ৭৭ রান করেন।
ভারতীয় ব্যাটসম্যান উন্মুক্ত ৯০ রানে অপরাজিত ছিলেন। এ ছাড়া তৌহিদ হৃদয় অপরাজিত ৩০ ও সাব্বির হোসেন ৩০ রান করেন।
ম্যাচসেরা হয়েছেন উন্মুক্ত চাঁদ।