কতটুকু পানি পান করবেন

সুস্থতার জন্য পানির বিকল্প নেই। নিয়ম অনুযায়ী পানি পান করতে হবে। নিয়ম মেনে পানি পান করলে শরীরের অনেক সমস্যা দূর হয়ে যায়।

বয়স্কদের ক্ষেত্রে : সুস্থ প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে ২.৫ লিটার পানি পান করতে হবে। অনেক ক্ষেত্রে ২.৫ লিটার পানি খাওয়ার সঙ্গে অন্যান্য ফলের রস অথবা পানিজাতীয় খাবার খাওয়া হয়। যা কিডনিতে প্রভাব ফেলতে পারে। এ জন্য প্রতিদিন ফলের রস অথবা পানিজাতীয় খাবারসহ যাতে ২.৫ লিটারের বেশি না হয় খেয়াল রাখতে হবে। খাবার খাওয়ার ২০ মিনিট পর পানি পান করতে হবে। খাবার মাঝখানে পানি পান করলে হজম প্রক্রিয়ায় ব্যাহত হয়। যাদের গ্যাসের সমস্যা আছে তারা সকালে খালি পেটে দুই গ্লাস পানি পান করলে উপকার পাবেন। কোষ্ঠকাঠিন্য সমস্যাও দূর হবে। জোর করে বেশি পানি পান করার প্রয়োজন নেই। আপনার পিপাসাই জানিয়ে দেবে কখন কতটুকু পানি পান দরকার।

নবজাতকের ক্ষেত্রে : শিশু যখন জন্ম নেয় তখন তার ওজনের প্রায় ৩ থেকে ৪ ভাগই থাকে পানি। ৬ মাস পর যখন শিশুটি আস্তে আস্তে শক্ত খাবারে অভ্যস্ত হবে তখন থেকে তাকে পানি খাওয়ানো শুরু করতে হবে। প্রতিবার শক্ত খাবার খাওয়ানোর পরে ২ থেকে ৪ চামচ ফোটানো পানি খাওয়াতে হবে। শিশুদের গড়ে দিনে প্রয়োজনীয় পানির পরিমাণ ৭ থেকে ১২ মাস বয়সে ৮০০ মিলি। ১থেকে ৩ বছর বয়সে ১.৩ লিটার । ৪ থেকে ৮ বছর বয়সে ১.৭ লিটার।

মেয়ে শিশুদের ক্ষেত্রে : ৯ থেকে ১৩ বছর বয়সে ২.১ লিটার। ১৪ থেকে ১৮ বছর বয়সে ২.৩ লিটার পানি পান করতে হবে । ১৯ বছর বা তার বেশি বয়সে ২.৫ লিটার

ছেলেসন্তানের ক্ষেত্রে : পানি পান করতে হবে ৯ থেকে ১৩ বছর বয়সে ২.৪ লিটার। ১৪ থেকে ১৮ বছর বয়সে ৩.৩ লিটার। ১৯ বছর বা তার বেশি বয়সে ৩.৫ লিটার

পানির বিকল্প কী কী খাওয়া যায়

শরীর হাইড্রেটেড রাখার জন্য সবসময় পানি পান করার প্রয়োজন নেই। কিছু খাবার আছে যা পানির চাহিদা পূরণ করে। শসাতে ৯৬.৭ ভাগ পানি রয়েছে। যা শরীরে পানির চাহিদা পূরণ করে। সালাদ, শসার জুস অথবা খালি শসা খেতে পারেন। এক কাপ শসা এক গ্লাস পানির সমান। এই গরমে যে ফলগুলো সবচেয়ে বেশি পাওয়া যায়, তার মধ্যে তরমুজ অন্যতম। এতে ৯৩ ভাগ পানি রয়েছে। শুধু ফল কিংবা সবজি পানির চাহিদা পূরণ করে না। টক দইও পানির চাহিদা পূরণ করতে সক্ষম। টক দইয়ে ৮৫ ভাগ থেকে ৮৮ ভাগ পর্যন্ত পানি থাকে। মুলাতে প্রায় ৯৫ ভাগ পানি রয়েছে। সালাদ হিসেবে মুলা খেতে পারেন। টমেটোতে  ৯৪.৫ ভাগ পানি রয়েছে। সালাদ, টমেটো দিয়ে তরকারি ও স্যান্ডউইচ টমেটো দিয়ে খেতে পারেন।

স্ট্রবেরি ফলটিও পানির চাহিদা পূরণ করে। স্ট্রবেরিতে ৯১ ভাগ পানি রয়েছে। ধুন্দল সবজিটিতে ৯৫ ভাগ পানি রয়েছে। গাজরে আছে ৯০ ভাগ পানি। ফুটি বা বাঙ্গিতে ৯০.২ ভাগ পানি রয়েছে। অর্ধেক ফুটি বা বাঙ্গি প্রায় সিকি পরিমাণ তরমুজের চাহিদা পূরণ করে।