ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরীর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার আসামি মোহাম্মদ আরমানকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার চট্টগ্রামের সিনিয়র বিচারিক হাকিম এস এম শহীদুল্লাহ কায়সার এ আদেশ দেন।
চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) বিজয় বড়–য়া দেশ রূপান্তরকে বলেন, মামলার আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল সিআইডি। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।
গত ২০ মার্চ চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকা থেকে আরমানকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। চবি বাংলা বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ছাত্র আরমান চবি ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি মো. আলমগীর টিপুর ভাই। টিপুও একই মামলার আসামি। দিয়াজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। ২০১৬ সালের ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় ভাড়া বাসায় নিজ কক্ষ থেকে দিয়াজের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।