নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে স্বাধীনতা পেয়েছি তা বর্তমান সময়ে এসে পরাধীনতার শামিল হয়েছে। গতকাল বুধবার জাতীয় প্রেস ক্লাবে ‘স্বাধীনতা ও সাম্প্রতিক রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
মান্না বলেন, ‘আমাদের ব্যাংকের গ্যারান্টি নেই, জীবনের নিরাপত্তা নেই। আর এসবের মধ্যে ক্ষমতাসীন দল বোঝাতে চাইছে যে, আমাদের জীবনযাত্রা উন্নত হচ্ছে। মূলত স্বাধীনতার পর থেকেই এই স্বাধীনতা হরণ করার প্রক্রিয়া শুরু হয়। তখনই মানুষ প্রতিবাদ করেছিল। আর তা রুদ্ধ করার জন্য মাত্র ১১ মিনিটে সংসদে রেজল্যুশন করে বাকশাল পাস করা হয়। বর্তমান সরকারের নেতারা এখন সেই বাকশালের প্রশংসা করছেন।’
তিনি বলেন, ‘আমাদের দেশের উন্নতি মানে শুধু জিডিপির অঙ্ক। এটা জবলেস জিডিপি। আমাদের বুঝতে হবে যে, এটা শুধু একটা পরিসংখ্যান ও সংখ্যা। জিডিপির উন্নতি দিয়ে দেশ ও জাতির উন্নতি হয় না।’
এ সময় ঢাকা বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘কোটা আন্দোলন করে একটি ছেলে ডাকসুর ভিপি হয়েছে। সে (নুরুল হক নুর) জিতেছে কারণ সে আন্দোলন করেছে। আর সেই আন্দোলনে আপনারা (সরকার) তাকে অত্যাচার করেছেন। সে তো আমাদের চাকরির কথা বলেছে। তাই সে জিতেছে।’