বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে শিশুদের জঙ্গিবাদ ও মাদক থেকে মুক্ত রাখতে হবে। সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাদেরকে জঙ্গিবাদ ও মাদকমুক্ত থাকার শিক্ষা দিতে হবে। গতকাল বুধবার বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ অডিটরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা শেষে পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী এ কথা বলেন। পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর এ অনুষ্ঠানের আয়োজন করে। পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, দেশের প্রথম আইজিপি ও স্বরাষ্ট্র সচিব আবদুল খালেকের সহধর্মিণী মিসেস সেলিনা খালেক, এআইজি ও পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের পরিচালক আবিদা সুলতানা, রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সানজিদা হক ¯িœগ্ধা এবং ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আবদুল আহাদ। পরে আইজিপি বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি, ঢাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, রাজধানীর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী, শিক্ষক-অভিভাবক, আমন্ত্রিত অতিথি এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রেরণা জুগিয়েছে। এ প্রেরণা শুধু পুলিশ নয়, সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়েছিল। তখন প্রতিটি মানুষ একই সূত্রে গাঁথা হয়ে গিয়েছিল।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের মাঝে স্বাধীনতার বীজ বপন করেছেন। তিনি আমাদের স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছিলেন। বঙ্গবন্ধুই বাংলাদেশ, বাংলাদেশই বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে না জানলে বাংলাদেশকে জানা অসমাপ্ত থেকে যাবে।’ বঙ্গবন্ধুকে জানতে ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘কারাগারের রোজনামচা’ বই দুটি পড়ার জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানান জাবেদ পাটোয়ারী। পুলিশপ্রধান বলেন, ‘পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, পুলিশ মুক্তিযোদ্ধাদের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ এবং বাংলাদেশকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার প্রচেষ্টা অব্যাহত রাখবে।’
কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘মানুষকে ভালোবাসার এক অসাধারণ ক্ষমতা ছিল বঙ্গবন্ধুর। তিনি ছোটবেলা থেকেই নিজের চেতনায় মানুষকে ভালোবেসেছেন, মানুষকে নিজের বুকে ধারণ করেছেন।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ সেদিন রেসকোর্স ময়দানে উপস্থিত জনতার মাঝেই নয়, ছড়িয়ে পড়েছিল সারা দেশে।’