চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষা মেসি-সুয়ারেসের

চোট কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বার্সেলোনার আক্রমণভাগের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় লিওনেল মেসি ও লুইস সুয়ারেস। শনিবার এস্পানিওলের বিপক্ষে লা লিগার ম্যাচে খেলতে দেখা যেতে পারে তাদের।

গত শুক্রবার ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে খেলার সময় কুঁচকিতে চোট পান মেসি। চোটের কারণে মঙ্গলবার মরক্কোর বিপক্ষে খেলতে পারেননি এই গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়।

তবে বুধবার বার্সেলোনার হয়ে অনুশীলনে ফিরেছেন মেসি। এম্পানিওলের বিপক্ষে খেলবেন বলে আশা করা যাচ্ছে।

আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগেই চোটে পড়েন সুয়ারেস। ১৭ মার্চ রিয়াল বেতিসের বিপক্ষে খেলতে নেমে গোড়ালির সমস্যায় পড়েন এই ফরোয়ার্ড। ফলে জাতীয় দল উরুগুয়ের হয়ে উজবেকিস্তান ও থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে খেলতে পারেননি তিনি।

এরই মধ্যে চোট কাটিয়ে ওঠার জোড়ালো আভাস দিয়েছেন সুয়ারেস। দুইদিন ধরে নিজে নিজে অনুশীলন করছেন ৩২ বছর বয়সী এই খেলোয়াড়। এস্পানিওলের বিপক্ষে খেলার জোরালো সম্ভাবনা রয়েছে তারও।

তবে এখনও চোট কাটিয়ে উঠতে পারেননি বার্সেলোনার আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় উসমানে দেম্বেলে। এখনো পুরো অনুশীলন করতে পারছেন না ফরাসি এই ফরোয়ার্ড। শনিবার এস্পানিওলের বিপক্ষে তার না থাকাটা অনেকটাই নিশ্চিত। এমনকি ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগেও অনিশ্চিত তার খেলা।