পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট নিয়ে ইমরানের নির্দেশনা

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের মান বাড়াতে প্রথম শ্রেণীর ক্রিকেটে ছয় দলের লিগ চালু করতে নীতি নির্ধারণ করার জন্য গঠিত টাস্ক ফোর্সকে নির্দেশনা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

এ ব্যাপারে গঠিত একটি টাস্ক ফোর্সের সঙ্গে বুধবার সভায় বসেন ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান। সভায় উপস্থিত ছিলেন আন্তঃ প্রদেশীয় সমন্বয়ক সচিব আকবর দুররানি, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি এহসান মানি, লেফটেনেন্ট জেনারেল (অব.)  মুজাম্মিল হোসেন, ওয়াসিম গুলজার খান, সুবহান আহমেদ, মুদাস্সর নগর ও হারুন রশিদ।

সভা শেষে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের বর্তমান অবস্থা যাছাই বাছাইয়ে সভায় বিভিন্ন পদক্ষেপ পর্যালোচনা করা হয়েছে।

বেশি সংখ্যক দলের অংশগ্রহণে প্রথম শ্রেণীর ক্রিকেটের ধারণাটা প্রত্যাখান করেছেন ইমরান। শুধু ছয়টি দলের অংশগ্রহণ চান পাকিস্তানকে বিশ্বকাপ জেতানো অধিনায়ক। তাতে সিন্ধু, বেলুচিস্তান, খায়বার পখতুনখাওয়া, কেন্দ্র শাসিত অঞ্চল থেকে একটি করে দল এবং পাঞ্জাব প্রদেশ থেকে দুটি দল চান তিনি।

এ ব্যাপারে শীঘ্রই নীতি নির্ধারণ করতে টাস্ক ফোর্সকে নির্দেশনা দিয়েছেন পাক প্রধানমন্ত্রী।