সৌদি আরবের জন্য যুক্তরাষ্ট্রের ‘গোপন’ পরমাণু কর্মসূচি

সৌদি আরবে পারমাণবিক শক্তি প্রযুক্তি বিক্রি ও সেগুলো বাস্তবায়নে সহায়তা করবে কয়েকটি মার্কিন কোম্পানি। এ নিয়ে ছয়টি বিষয়ে ‘গোপন অনুমোদন’ দিয়েছে যুক্তরাষ্ট্র প্রশাসন।

দেশটির জ্বালানিমন্ত্রী রিক পেরি এ অনুমোদন দেন। এত দিন এ বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যম কিছুই টের পায়নি। দুই দেশের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।

যুক্তরাষ্ট্রের অনেক সাংসদ মনে করছেন, সৌদির সঙ্গে পরমাণু প্রযুক্তি শেয়ার করা মধ্যপ্রাচ্যে একটা লড়াইয়ের মনোভাব সৃষ্টি করতে পারে।

সৌদি আরবের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্র ছাড়াও দক্ষিণ কোরিয়া এবং রাশিয়াও প্রতিযোগিতায় আছে।

পেরি যে ছয়টি বিষয়ে অনুমোদন দিয়েছেন তাকে বলা হচ্ছে ‘পার্ট ৮১০ অথোরাইজেশন’ । এর আওতায় কোনো চুক্তি করার আগে কোম্পানিগুলো প্রাথমিক কাজ করার অনুমতি পাবে। তবে চুক্তি না হওয়া পর্যন্ত প্ল্যান্টে কোনো যন্ত্রাংশ নিয়ে যেতে পারবে না।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি ট্রাম্প পারমাণবিক প্রযুক্তিবিদদের সঙ্গে হোয়াইট হাউজে বৈঠক করেন। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পারমাণবিক চুল্লির সম্ভাবনা নিয়ে তখন তিনি তাদের সঙ্গে কথা বলেন।