রাজশাহী-কলকাতা ট্রেন, বিমান ও নৌ সুবিধা চাইলেন মেয়র লিটন

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহীতে নবনিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি।

বৃহস্পতিবার দুপুরে নগরভবনে মেয়রের সঙ্গে সাক্ষাৎকালে রাজশাহীর সকল উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।

রাজশাহীতে নবনিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি বৃহস্পতিবার দুপুরে নগরভবনে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সিটি মেয়র খায়রুজ্জামান লিটন। এরপর দপ্তরকক্ষে এক মতবিনিময়ে মিলিত হন তারা।

এ সময় মেয়র খায়রুজ্জামান লিটন রাজশাহী-কলকাতা সরাসরি ট্রেন, বিমান ও নৌ-যোগাযোগ চালুর ব্যাপারে তার সহযোগিতা কামনা করেন।

এ সময় মেয়র বলেন, চিকিৎসা ও দর্শনীয় স্থানসূমহ পরিদর্শনে বিপুল সংখ্যক মানুষ রাজশাহী থেকে ভারতে যান। কিন্তু রাজশাহী থেকে সরাসরি ট্রেন, বিমান ও নৌ-যোগাযোগ নেই। আমি চাই সরাসরি যোগাযোগ ব্যবস্থার। পদ্মা নদীতে ইতোমধ্যে ড্রেজিং শুরু হয়েছে। নৌপথেও কম সময়ে আমরা ভারতে যেতে পারি।

এ সময় ভিসা প্রক্রিয়া সহজকরণ ও বর্ডারে বাংলাদেশী মানুষের বিড়ম্বনা এড়ানোর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান মেয়র। 

এসব বিষয়ে ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি বলেন, ভিসা প্রক্রিয়া সহজ ও বর্ডারে বিড়ম্বনা এড়াতে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। কেবলমাত্র অসম্পূর্ণ আবেদন ও ভুয়া ডকুমেন্টের কারণে অনেক আবেদন বাতিল হয়। যদি ভিসা প্রাপ্তির আবেদন সঠিক ও পরিপূর্ণ হয়, তবে ৮ দিনের মধ্যেই ভিসা প্রদান করা হবে। মেডিকেল ভিসা বিশেষ গুরুত্ব দিয়ে যত দ্রুত সম্ভব প্রদান করা হবে।

রাজশাহী থেকে সরাসরি ট্রেন ও বিমান ও নৌ-যোগাযোগের ব্যাপারে সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি বলেন, রাজশাহী-কলকাতা সরাসরি বিমান যোগাযোগ ব্যবস্থা চালু করা সম্ভব হলে, কম সময়ের মধ্যে যাওয়া-আসা যাবে।

বিমান, ট্রেন ও নৌপথে সরাসরি যোগাযোগ স্থাপনের ব্যাপারে আলাপ আলোচনা হচ্ছে। আশা করছি এটি আমরা করতে পারব।

তিনি আরো বলেন, রাজশাহীর আরো ভালো ও বেশি পর্যটনকেন্দ্র গড়ে উঠলে ভারত থেকেও এখানে পর্যটকেরা আসবেন। আমি ভারতীয় নাগরিকদের এখানে আসতে উৎসাহিত করব।

এ সময় রাজশাহীর পরিষ্কার-পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ পরিবেশের ভূয়সী প্রশংসা করেন ভারতীয় সহকারী হাইকমিশনার।

আলোচনা শেষে ভারতীয় সহকারী হাইকমিশনারকে শুভেচ্ছা উপহার প্রদান মেয়র খায়রুজ্জামান লিটন। এ সময় মেয়রকেও উপহার দেন সহকারী হাইকমিশনার।

মেয়র খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর রাজশাহী সিটি কর্পোরেশন নগরভবনের বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাটি। এ সময় মেয়র খায়রুজ্জামান লিটন তাকে বঙ্গবন্ধু কর্নার ঘুরে দেখান।