অশ্বিনের ‘মানকাড’ বিতর্কে আড়াল তার ফেরা

গেল সোমবার আইপিএলে অনুষ্ঠিত রাজস্থান রয়্যাল ও কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচের কথা এখনো সবার মুখে মুখে। সেদিন রাজস্থান ব্যাটসম্যান জস বাটলারকে ‘মানকাড’ আউট করেন পাঞ্জাব অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। সেই ঘটনায় আড়ালে পরে গেছে ম্যাচের অন্য সবকিছুই। আড়ালে পড়ে গেছে গেল বছর নিষিদ্ধ থাকা স্টিভ স্মিথের ফের আইপিএলে ফেরাটাও।

গেল বছর মার্চে কেপটাউন টেস্টে বল টেম্পারিং কাণ্ডে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হন অস্ট্রেলিয়ার তখনকার অধিনায়ক স্টিভ স্মিথ। একই সময়ের জন্য নিষিদ্ধ হন ডেভিড ওয়ার্নার। আর নয় মাসের জন্য নিষিদ্ধ হন ক্যামেরন ব্যানক্রফট।

স্মিথ ও ওয়ার্নারকে নিষিদ্ধ করা হয় আইপিএলেও। তাই ২০১৮ সালে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলা হয়নি এই দুজনের। তবে এবারের আসরে ফিরেছেন দুজনই। শুক্রবার থেকে তো আন্তর্জাতিক ক্রিকেটের জন্যও মুক্ত তারা দুজন।

সময়ের অন্যতম দুই তারকার আইপিএলে ফেরা নিয়েও আলোচনা চলছিল খুব। বিশ্বকাপের আগে এই দুজনের জাতীয় দলে সুযোগ পাওয়ার মঞ্চও আইপিএল। তবে ডেভিড ওয়ার্নারের ফেরা নিয়ে যতটা আলোচনা হয়েছে, স্মিথের ফেরা যেন ততটাই পড়ে গেছে আড়ালে।

নেপথ্যে অবশ্য অশ্বিনের ‘মানকাড’ বিতর্ক। কারণ সেই ম্যাচেই যে রাজস্থানের হয়ে ফেরেন স্মিথ। কিন্তু ‘মানকাড’ বিতর্কে সে আলোচনাও গৌণ হয়ে যায়।

 

ডেভিড ওয়ার্নার আইপিএলে ফেরার ম্যাচেই করেন ৮৫ রান। ৫৩ বলের ইনিংসে ৯টি চার ও ৩টি ছক্কা হাঁকান। তবে সানরাইজার্স হায়দরাবাদ কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচটা জিততে পারেনি।

আইপিএলে ফেরার ম্যাচে হারতে হয়েছে স্টিভ স্মিথকেও। পাঞ্জাবের কাছে ১৪ রানে হেরে যায় তাদের দল। স্মিথের ব্যাট থেকে আসে ২০ রান। ১৬ বলের ইনিংসে ১টি করে ছক্কা ও চার হাঁকান তিনি।

শুক্রবার অবশ্য দর্শকেরা এক ম্যাচেই দেখতে পাবেন স্মিথ ও ওয়ার্নারকে। এদিন মুখোমুখি স্মিথদের রাজস্থান ও ওয়ার্নারের হায়দরাবাদ। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) মুখোমুখি হতে দেখা গেছে দুজনকে।