নির্বাচন-পরবর্তী সহিংস ঘটনার প্রতিকার দাবি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা নির্বাচন-পরবর্তী সহিংস ঘটনার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন পরাজিত চেয়ারম্যান প্রার্থী এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান হাওলাদার।

তিনি অভিযোগ করে বলেন, বিজয়ী চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের লোকজন তার (মজিবুর হাওলাদার) সমর্থক হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর একতরফাভাবে হামলা করে চলেছে। এ পর্যন্ত তার দলের অন্তত ২০-২৫ জন লোককে আহত করা হয়েছে। তারা এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। অনেকে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বর্তমান চেয়ারম্যান ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান হাওলাদারের কোটালীপাড়ার ঘাঘর এলাকার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে কোটালীপাড়া পৌরসভার সাবেক মেয়র অহিদুল ইসলাম হাজরাসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা, হামলার শিকার পরিবারগুলোর সদস্যরা এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।