পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন

তুচ্ছ ঘটনার জেরে পটুয়াখালী সরকারি কলেজের ছাত্রদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার সকালে পটুয়াখালী সরকারি কলেজ চত্বরে বিক্ষুব্ধ ছাত্ররা এ কর্মসূচি পালন করে।

ওই সময় ছাত্ররা কলেজের ফটক দখল করে রাখায় বন্ধ হয়ে যায় উপজেলা নির্বাচনের ইভিএমবিষয়ক প্রশিক্ষণ। দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি হাসান সিকদার, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ, পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লতিফা জান্নাতীর হস্তক্ষেপে বিক্ষুব্ধ ছাত্ররা শান্ত হয়।

গত বুধবার রাতে মোবাইল সার্ভিসিং-সংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় মোবাইল ব্যবসায়ী বাপ্পি ও রবিউলের লোকজন কলেজের ছাত্রদের মারধর করে। এতে  ছাত্ররা ক্ষিপ্ত হয়ে বাপ্পির বাসায় হামলা চালায়।

এ সময় বাপ্পি কৌশলে পালিয়ে যায়। পরে এলাকার একটি সংঘবদ্ধ দল ছাত্রদের ওপর হামলা চালায়। হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে বিক্ষুব্ধ ছাত্রদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এ ঘটনায় ১৭ ছাত্র আহত হয়। আহত ছাত্রদের পটুয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।