দুদকের গণশুনানি

নাচোলে ভূমি অফিসকে ঘিরে যত অভিযোগ

নাচোল উপজেলার সরকারি অফিসগুলোর বিরুদ্ধে অনিয়মের কমবেশি অভিযোগ রয়েছে। এর মধ্যে ভূমি অফিসকে ঘিরেই স্থানীয়দের অভিযোগ বেশি। গতকাল বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের এই উপজেলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত গণশুনানিতে সরকারি কর্মকর্তাদের সামনেই অভিযোগ তুলে ধরেন তারা।

দুদকের কমিশনার ড. মোজাম্মেল হক খানের উপস্থিতিতে গণশুনানিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, দুদক পরিচালক (প্রতিরোধ) মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা ও সরকারি বিভিন্ন অফিসের কর্মীরা।

গণশুনানিতে ভূমি অফিস, সেটেলমেন্ট অফিস, সাবরেজিস্ট্রি অফিস, হিসাবরক্ষণ অফিস, স্বাস্থ্য বিভাগ ও বিদ্যুৎ অফিসের অনিয়ম-দুর্নীতি নিয়ে কথা বলেন ভুক্তভোগীরা। বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে মোট ৩০টি অনিয়ম-দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়। এর মধ্যে ১৪টিই ভূমি অফিস-সংক্রান্ত। জমির নামজারিসহ অন্যান্য সেবা নিতে এলে নাচোল ভূমি অফিসের অফিস সহায়কসহ অন্যরা ঘুষ ছাড়া কাজ করেন না বলে অভিযোগ উঠেছে। দুদক কমিশনার অভিযোগগুলো শোনেন ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। অভিযোগ ওঠা কর্মকর্তা-কর্মচারীদের সতর্কও করেন তিনি।

দুদক কমিশনার মোজাম্মেল বলেন, ‘দুর্নীতি নিয়ে মানসিকতা পরিবর্তন, দুর্নীতি প্রতিরোধসহ প্রবণতা কমাতে দুদক কাজ করছে। দুর্নীতি শুধু সরকারি দপ্তরেই নয়, বিভিন্ন সেক্টরেও হচ্ছেÑ কাজেই দুর্নীতি নামক ধারণা থেকে আমাদের সবাইকে বের হয়ে আসতে হবে।’