হবিগঞ্জের বাহুবলে কৃষক আবদুল লতিব হত্যা মামলায় মানিক মিয়া (৩২) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নাসিম রেজা এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত মানিক মিয়া ওই উপজেলার মিঠাপুকুর গ্রামের আপ্তাব উদ্দিনের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে উপজেলার মিঠাপুকুর গ্রামের মৃত আজিদ মিয়ার ছেলে আবদুল লতিব ধান কাটার জন্য জমিতে যাচ্ছিলেন। এ সময় আসামি মানিক মিয়া, মুখলেছ মিয়াসহ একদল লোক পূর্ববিরোধের জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ সেপ্টেম্বর তিনি মারা যান।