বাংলাদেশের পাশাপাশি ভারতের বাংলাভাষীদের কাছেও দারুণ জনপ্রিয় নুসরাত ফারিয়া। কয়েকটি যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয়ের পর এবার কলকাতার একক প্রজেক্টে যুক্ত হচ্ছেন তিনি।
এনডিটিভি জানায়, লোকসভা নির্বাচনের প্রচারের জন্য ব্যস্ত থাকা মিমি চক্রবর্তী ছিলেন ‘বিবাহ অভিযান’ সিনেমার জন্য প্রথম পছন্দ। তিনি সরে দাঁড়ানোয় স্থলাভিষিক্ত হয়েছেন নুসরাত ফারিয়া।
নিজের ফেসবুক পেজে সিনেমাটিতে অন্তর্ভুক্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন তিনি। শেয়ার করেন চিত্রনাট্যের ছবি।
শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ‘বিবাহ অভিযান’ সিনেমায় অঙ্কুশের স্ত্রীর চরিত্রে অভিনয়ের কথা ছিল মিমির। কিন্তু লোকসভা নির্বাচনে তিনি তৃণমূলের প্রার্থী হিসাবে মনোনীত হয়েছেন। ফলে ব্যস্ততাও বেড়ে গিয়েছে বহুগুণ।
নির্বাচনী প্রচার সামলে মিমির পক্ষে শুটিংয়ের জন্য সময় বের করা সম্ভব হচ্ছিল না। তাই তিনি সরে দাঁড়ায়।
‘বিবাহ অভিযান’-এর গল্প ও চিত্রনাট্য করেছেন রুদ্রনীল ঘোষ। পরিচালনা করছেন বিরসা দাশগুপ্ত।
ছবিতে অঙ্কুশ ও নুসরাত ছাড়াও থাকবে দুই দম্পতি রুদ্রনীল ঘোষ-সোহিনী সরকার এবং অনির্বাণ ভট্টাচার্য-প্রিয়াঙ্কা সরকার।
রোমান্টিক-কমেডি ধাঁচের ‘বিবাহ অভিযান’-এর মহরত হবে শুক্রবার। এর পরপরই শুরু হবে শুটিং।
এদিকে বাংলাদেশে মুক্তির মিছিলে রয়েছে শাকিব খানের বিপরীতে নুসরাত ফারিয়ার প্রথম সিনেমা ‘শাহেনশাহ’। পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি।