দুর্ঘটনায় নিহত ‘হার’ ব্যান্ডের দুই সদস্য

যুক্তরাজ্যের লিভারপুলের উঠতি ব্যান্ড ‘হার’-এর দুই সদস্য স্টিফেন ফিজপ্যাট্রিক ও অডে লাডিং যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সঙ্গে প্রাণ গেল তাদের ম্যানেজারের।

ব্যান্ডটির রেকর্ড লেভেল হেইস্ট অর হিটের বরাত দিয়ে বুধবার ভোরে ক্যালিফোর্নিয়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

ওই দিন ক্যালিফোর্নিয়ার সান্টা আনায় ব্যান্ডটির কনসার্ট ছিল। অনুষ্ঠান স্থলের উদ্দেশে রওয়ানা দিয়েছিলেন তারা।

এর আগের দিন অ্যারিজোনার ফনিক্সে পারফর্ম করে ‘হার’। সেখান থেকে সাড়ে ৩৫০ মাইল দূরের সান্টা আনায় আসার পথে তারা সড়ক দুর্ঘটনায় নিহত হন।

হেইস্ট অর হিটের পক্ষ থেকে বলা হয়, সাম্প্রতিক জনপ্রিয় ব্যান্ডগুলোর অন্যতম হার। ব্যক্তি হিসেবেও দুই ব্যান্ড সদস্য ছিলেন অসাধারণ।

গত বছর প্রথম অ্যালবাম প্রকাশের পর দ্রুত জনপ্রিয়তা পায় ‘হার’। এটি ছিল উত্তর আমেরিকায় দ্বিতীয় সফর। যেখানে তাদের ১৯টি শো নির্ধারিত ছিল।

চলতি সপ্তাহের শুরুতেই বিবিসির আয়োজনে ব্যান্ডটির একটি অ্যাকুস্টিক পারফরম্যান্স দৃশ্যায়ন হয় টেক্সাসের সাউথওয়েন্ট ফেস্টিভ্যালে।

‘হার’ সদস্যদের মৃত্যুর খবর ভক্তদের মাঝে শোক সঞ্চার করেছে। অনেকেই অনলাইনে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

লিভারপুলে পড়াশোনা করতে এসে পরিচয় যুক্তরাজ্যের কামব্রিয়ার স্টিফেন ও নরওয়ের অডের। সেই সূত্র ধরে সংগীত নিয়ে আলাপ, পরে গঠন করেন ‘হার’।