জহুরুল-ইমরুলের সেঞ্চুরি ছাপিয়ে নায়ক মাশরাফী

দিনের শুরুতেই শতক হাঁকিয়ে নজর কাড়েন আবাহনীর ওপেনিং ব্যাটসম্যান জহুরুল ইসলাম অমি। জবাবে ব্যাটে ঝড় তুলে সেঞ্চুরির দেখা পান গাজী গ্রুপ ক্রিকেটার্সের ইমরুল কায়েস। তিন অঙ্কের দেখা পাওয়া দুই ব্যাটসম্যানের পারফরম্যান্স ছাপিয়ে গেল মাশরাফী বিন মোর্ত্তজা দ্যুতি।

অসাধারণ বোলিংয়ে ৬ উইকেট নিয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গাজীর বিপক্ষে আবাহনীকে ২৯ রানের রোমাঞ্চকর জয় এনে দিয়েছেন মাশরাফী।

বিকেএসপির চার নম্বর স্টেডিয়ামে শুক্রবার ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৬ রানের সংগ্রহ পায় টসে হারা আবাহনী। আট বল বাকি থাকতে ২৫৭ রানে গুটিয়ে যায় গাজী।

আবাহনীকে দারুণ একটি শুরু এনে দেয় জহুরুল ইসলাম ও সৌম্য সরকার জুটি। দলীয় ৬৬ রানে সৌম্য (২৯) উইকেট ছাড়া হলে দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নেন জহুরুল। অর্ধশতক পূর্ণ করেন ৮০ বলে। এরপর হাত খোলে তার। পরের ৫০ করেন ৪৪ বলে। ১২৪ বলে লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের চতুর্থ সেঞ্চুরির দেখা পান ৩২ বছর বয়সী জহুরুল।

দলীয় ২৮০ রানে উইকেট ছাড়া হন জহুরুল। এর আগে ১৩৮ বলে করেন ১৩০ রান। তার ইনিংসটি ১৪ চার ও দুই ছক্কায় সাজানো। ইনিংসটি খেলার পথে চতুর্থ উইকেটে অধিনায়ক মোসাদ্দেক হোসেনের সঙ্গে ১৪৫ রানের জুটি গড়েন জহুরুল। মোসাদ্দেক ৭৬ বলে আট চারে করেন ৭১ রান।

গাজীর বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি ও নাসুম আহমেদ। একটি করে উইকেট পারভেজ রসুল ও আবু হায়দারের।

জবাবে রানের খাতা খোলার আগেই ওপেনার রনি তালুকদারকে হারায় গাজী। তিন নম্বরে নেমে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন রান খরায় থাকা ইমরুল। কিন্তু ভালো সঙ্গী পাননি টপ অর্ডার এই ব্যাটার। থিতু হয়ে ফিরেছেন শামসুর রহমান (৩০) ও তৌহিদ তারেক (৩৯)। সুবিধা করতে পারেননি কেউই। মাশরাফী ও মোহাম্মদ সাইফউদ্দিনের গতির সামনে খেই হারাতে হয় গাজীর ব্যাটসম্যানদের।

একাই লড়েছেন ইমরুল। শতকের দেখা পান ১০০ বলে। মাশরাফীর বলে উইকেট ছাড়ার আগে ১১৮ বলে করেন ১২৬ রান। তার দুর্দান্ত এই ইনিংসটিতে ১৫ চার ও পাঁচ ছক্কায় সাজানো! লিস্ট-এ ক্রিকেটে এটা ইমরুলের ১০ম সেঞ্চুরি।

১০ ওভারে ৪৬ রানে ছয়টি উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারটিও নিজের করে নেন মাশরাফী। দুটি উইকেট নেন সাইফউদ্দিন। একটি উইকেট সানজামুলের।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল আবাহনী। সাত ম্যাচে ছয় জয়ে তাদের পয়েন্ট ১২।

সমান পয়েন্ট দিনের অপর ম্যাচে প্রাইম দোলেশ্বরকে ৭২ রানে হারানো লিজেন্ড অব রূপগঞ্জেরও। কিন্তু রান রেটে পিছিয়ে থাকায় দ্বিতীয়স্থানে আছে দলটি।