অপহরণের ৩৮ দিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের ৩৮ দিন পার হয়ে গেলেও উদ্ধার করতে পারেনি পুলিশ। ওই স্কুলছাত্রী বেঁচে আছে কি না, তাও জানেন না তার বাবা-মা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গাইবান্ধা পৌর এলাকার দশম শ্রেণিতে পড়ুয়া মেয়েটি গত ২০ ফেব্রুয়ারি দুপুরে শহরের এক কোচিং সেন্টারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। পথে সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের বারুইপাড়ার আল-আমিন ও তার সহযোগীরা তাকে অপহরণ করে। এ ঘটনায় ছাত্রীর চাচা ওই দিন বিকেলে গাইবান্ধা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে ওই ছাত্রীর বাবা আল-আমিনের বাড়িতে গিয়ে মেয়েকে ফেরত চাইলে তারা দিই-দিচ্ছি বলে কালক্ষেপণ করে আল-আমিনের সঙ্গে মেয়ের বিয়ের প্রস্তাব দেয়। মেয়েকে উদ্ধারে ব্যর্থ হয়ে ছাত্রীর বাবা গত ২২ ফেব্রুয়ারি গাইবান্ধা সদর থানায় এজাহার করেন। পুলিশ ঘটনা তদন্ত করে গত ২৪ ফেব্রুয়ারি সেটিকে অপহরণ মামলা হিসেবে রেকর্ড করে।