বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা স্রেফ হত্যাকাণ্ড। এর জন্য সরকারসহ সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের দায়িত্বে অবহেলা দায়ী।’ ফায়ার সার্ভিসের আধুনিকায়নের ওপর আরও গুরুত্ব দিতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বনানীতে আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটির সামনে গতকাল শুক্রবার এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বহুতল ওই ভবনটিতে আগুন লেগে ২৫ জন নিহত ও ৭৪ জন আহত হন।
মির্জা ফখরুল বলেন, ‘২২ তলা একটি ভবন নির্মাণ করা হয়েছে অথচ বিল্ডিং কোড অনুসরণ করেনি। অগ্নিনির্বাপণের জন্য কোনো রকমের ব্যবস্থা নেই। সবচেয়ে
দুঃখজনক হচ্ছে যে, ভবনের ভেতর দিয়ে যে সিঁড়ি থাকার কথা সেই সিঁড়িও পর্যন্ত নেই। এরকম বিল্ডিং কীভাবে নির্মাণের অনুমতি পায় সেটাই স্পষ্ট নয়। তাছাড়া পরপর কয়েকটি এই ধরনের অগ্নিকা-ের ঘটনার পরও সরকার ও সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ উদাসীন থাকায় এমনটা হয়েছে।’
গতকাল সকালে গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এফ আর টাওয়ার পরিদর্শনে এসে সাংবাদিকদের বলেন, ‘এটা দুর্ঘটনা নয়, হত্যাকাণ্ড। এ ঘটনার জন্য যেসব আইনগত ব্যবস্থা নেওয়া দরকার তাই নেওয়া হবে।’
গণপূর্তমন্ত্রীর বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিএনপি মহাসচিব বলেন, ‘এটাকে অবশ্যই হত্যাকাণ্ড বলতে হবে। এমন বিল্ডিং করতে অনুমতি দেওয়ার জন্য রাজউকও তার দায় এড়াতে পারে না।’
এ সময় মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন ক্ষতিগ্রস্ত ওই ভবনে একটি অফিসের মালিক ফয়জুর রহমান হীরু। তিনি জানান, তার ছাত্র হীরুর অফিস ছিল এই বিল্ডিংয়ে। তার অফিসে নয়জন মারা গেছেন এবং আরও তিনজন হাসপাতালের আইসিইউতে আছেন।