পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল আসছে এপ্রিলে

এপ্রিলে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল। তিন সপ্তাহের এই সফরে দুটি তিন দিনের ম্যাচ ও তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলবে তারা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ২৫ এপ্রিল ঢাকার উদ্দেশে রওনা হবে অনূর্ধ্ব-১৬ দল। ২৯ এপ্রিল ফতুল্লায় তিন দিনের ম্যাচ দিয়ে শুরু হবে সফরকারী কিশোরদের সফর। ১৫ মে খুলনায় তৃতীয় ৫০ ওভারের ম্যাচ দিয়ে শেষ হবে সফর। লাহোরে জাতীয় ক্রিকেট একাডেমিতে বাংলাদেশ সফরে আসার প্রস্তুতি শুরু করবে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল। ৩১ মার্চ অর্থাৎ আগামীকাল রবিবার থেকে শুরু হবে অনুশীলন ক্যাম্প। এই ক্যাম্পে ২৬ জন অংশ নেবে। এদের মধ্য থেকে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বেছে নেওয়া হবে বাংলাদেশ সফরের দল। এই বছরের শুরুতে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দল অস্ট্রেলিয়ার বিপক্ষে দুবাইতে ওয়ানডে সিরিজ খেলেছিল। পাঁচ ম্যাচের সেই সিরিজ ৩-২-এ জয় পায় পাকিস্তানের কিশোররা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে দ্বিতীয় তিন দিনের ম্যাচ শুরু হবে ৫ মে। এরপর খুলনায় প্রথম ওয়ানডে ১০ মে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ ১২ এবং ১৫ মে খুলনাতে অনুষ্ঠিত হবে।