দীর্ঘ সময় ধরে ঘরোয়া ক্রিকেট খেলে হাত পাকা আবিদ আলির। জাতীয় দলে সুযোগ পেয়েই জ্বলে উঠলেন। সেঞ্চুরি হাঁকিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক রাঙ্গালেন পাকিস্তানের এই টপ-অর্ডার ব্যাটসম্যান। নাম লেখালেন ইতিহাসের পাতায়।
দল জিতলে আবিদের দিনটা আরও স্মরণীয় হতে পারতো। সম্ভাবনা জাগিয়েও শুক্রবার সিরিজের চতুর্থ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে ৬ রানে হেরে যায় পাকিস্তান। আবিদের মতো কাজে আসেনি উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরিটিও (১০৪)।
৩১ বছর বয়সে জাতীয় দলে ডাক পাওয়া আবিদ দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু থেকেই দেখেশুনে ব্যাট চালান। ৫৫ বলে পূর্ণ করেন অর্ধশতক। শতকের দেখা পান ১১১ বলে। অ্যাডাম জাম্পার বলে অ্যারন ফিঞ্চকে ক্যাচ দেওয়ার আগে করেন ১১২ রান। তার ১১৯ রানের ইনিংটি নয়টি চারে সাজানো।
ওয়ানডেতে পাকিস্তানের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে অভিষেকেই সেঞ্চুরি হাঁকালেন আবিদ। দলটির হয়ে অভিষেক ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান হলেন ডানহাতি এই ব্যাটসম্যান। এর আগে অপরাজিত ১০২ রান করে এই তালিকায় শীর্ষে ছিলেন সেলিম এলাহি। সমান ১০০ রান নিয়ে এই তালিকায় তৃতীয় ইমাম-উল-হক।
অসাধারণ ইনিংটি খেলার পথে দ্বিতীয় উইকেটে হারিস সোহেলের সঙ্গে ৭৪ ও তৃতীয় উইকেটে রিজওয়ানের সঙ্গে ১১৪ রানের জুটি গড়েন আবিদ।