বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি ও আওয়ামী লীগ নেতা আহাদ হায়দারের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে তার বাড়িঘরের কাচের জানালা, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। গত শুক্রবার দিনগত রাত ৩টার দিকে ওই নেতার শহরের আমলাপাড়া সড়কের চারতলা বাড়ির তিনতলায় আগুন দেয় একদল দুর্বৃত্ত।
গতকাল শনিবার সকালে বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহিরুল ইসলাম ও পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এই ঘটনায় বাগেরহাটে কর্মরত সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ওই দুর্বৃত্তদের খুঁজে বের করতে পুলিশের কাছে দাবি জানিয়েছেন।
আহাদ হায়দার জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। তার স্ত্রী রিজিয়া পারভীন বাগেরহাট সদর উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাগেরহাট মডেল থানার ওসি মাহাতাব উদ্দিন জানান, আগুন দেওয়ার ঘটনা তদন্ত করা হচ্ছে।